২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিআইডব্লিউটিসির সাবেক মহাব্যবস্থাপক কারাগারে

কোটি কোটি টাকার সরকারি চাল আত্মসাতের মামলায় বিআইডব্লিউটিসির সাবেক মহাব্যবস্থাপক মাজহারুল হককে কারাগারে পাঠিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2018, 10:44 PM

Updated : 19 Aug 2022, 02:19 PM

দুর্নীতি দমক কমিশনের (দুদক) এই মামলায় রোববার খুলনা মহানগর দায়রা জজ আদালতের বিচারক শহীদুল ইসলাম জামিন এ আদেশ দেন।

মামলার বরাত দিয়ে আদালতে দুদকের পিপি খোন্দকার মুজিবর রহমান বলেন, খাদ্য বিভাগের ১০ কোটি ৮ লাখ ৬৬ হাজার ৬৩৮ টাকা মূল্যের ৬১০ মেট্রিক টন চাল পরিবহনের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান মোসার্স রহিম অ্যান্ড সন্সকে দায়িত্ব দেওয়া হয়েছিল।

“ঠিকাদার বিআইডব্লিউটিসির নৌযানের কর্মকর্তাদের সহযোগিতায় পুরো চাল আত্মসাত করেন।”

পিপি মুজিবর বলেন, এ ঘটনায় ২০০৩ সালের ১৪ জানুয়ারি দুদক খুলনার পরিদর্শক সেলিনা আক্তার বাদী হয়ে পাঁচজনকে আসামি করে খুলনা সদর থানায় মামলা দায়ের করেন।

দীর্ঘ তদন্ত শেষে ২০১৬ সালের ৩১ অগাস্ট দুদক খুলনার সহকারী পরিচালক শামীম ইকবাল আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এরপর আসামিরা আত্মগোপন করেন বলে মুজিবর জানান।

অ্যাডভোকেট মুজিবর আরও জানান, মামলার অন্যতম আসামি বিআইডব্লিউটিসির সাবেক মহাব্যবস্থাপক মাজহারুল হক রোববার বিকালে খুলনা মহানগর দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। আদালত জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।

এ মামলার অন্যান্য আসামিরা পলাতক রয়েছেন বলে মুজিবর জানান।