মাদারীপুরে বাস চাপায় যুবকের মৃত্যু
মাদারীপুরের শিবচরে গাড়ির চাপায় এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার সকাল ৯টার দিকে উপজেলার কাঁঠালবাড়ী ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে শিবচর হাইওয়ে থানার ওসি মাসুদ পারভেজ জানান।
নিহত রিপন ফকির (৩০) রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার দেলোয়া এলাকার মোর্শেদ ফকিরের ছেলে।
তিনি সে পল্লী বিদ্যুতের একটি ঠিকাদারী প্রতিষ্ঠানের কর্মচারী ছিলেন বলে পুলিশ জানায়।
স্থানীয়দের বরাতে ওসি মাসুদ পারভেজ বলেন,সকালে কাঁঠালবাড়ী ঘাট এলাকায় পল্লীবিদ্যুতের খুঁটিতে লাইন সংযোগের কাজ করছিলেন রিপন। এ সময় কাঁঠালবাড়ী ঘাট থেকে বরিশালগামী একটি বাস রিপনকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর বাসটি আটক করা হয়েছে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।
