২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কার্লাইলকে ফেরানোয় বাংলাদেশ সরকারের হাত নেই: কাদের

খালেদার আইনজীবী লর্ড আলেকজান্ডার কার্লাইলকে ভারত থেকে ফিরিয়ে দেওয়ার পেছনে সরকারের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গাজীপুর প্রতিনিনধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2018, 09:11 PM

Updated : 19 Aug 2022, 02:19 PM

শুক্রবার গাজীপুরের চন্দ্রায় কোরবানির ঈদের আগে সড়ক প্রস্তুতি পরিদর্শন করতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন সড়ক পরিবহনমন্ত্রী কাদের।

বিএনপি চেয়ারপারসনের ব্রিটিশ আইনজীবী লর্ড কার্লাইল বুধবার ভারতের দিল্লি বিমানবন্দরে নামার পর সেদেশের কর্তৃপক্ষ তাকে সেখান থেকে তার দেশের একটি ফ্লাইটে উঠিয়ে দেয়।

কার্লাইল যুক্তরাজ্য ফিরে সংবাদমাধ্যমকে বলেছেন, বাংলাদেশ সরকারের ‘চাপে’ ভারত এ সিদ্ধান্ত নিয়েছে।

এ ঘটনার সমালোচনা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নয়া দিল্লির এ পদক্ষেপে তারা ‘বিস্মিত ও মর্মাহত’ হয়েছেন।

দুর্নীতির মামলায় খালেদা জিয়ার কারান্তরীণ থাকা সম্পর্কে বলতে দিল্লির ফরেন করেসপন্ডেন্টস ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হওয়ার কথা ছিল যুদ্ধাপরাধীদের বিচারের বিপক্ষে কথা বলা এই ব্রিটিশ আইনজীবী ও হাউস অব লর্ডস সদস্যের।

সম্প্রতি তাকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবী নিয়োগ দেওয়া হয় দলের পক্ষ থেকে।    

ওবায়দুল কাদের বলেন, “আমি পরিষ্কারভাবে বলতে চাই, ভারতে কে আসবে কে আসবে না, ভারত আসতে তার অনুমতি লাগবে-কীভাবে অনুমতি নিতে হবে এটা ভারতের নিজেদের নিয়ম কানুনের বিষয়, ভারতের নিজেদের সিদ্ধান্তের বিষয়। ভারতে কাকে আসতে দেবে কাকে আসতে দেবে না এটা ভারতের ব্যাপার।”

তিনি বলেন, “ভারতের ফরেন অফিস থেকে বলা হয়েছে প্রয়োজনীয় ডকুমেন্টসে ঘাটতি রয়েছে। এ কারণে লর্ড কার্লাইলকে অনুমতি দেওয়া হয়নি। এখন এ অনুমতির বিষয়টি সম্পূর্ণ ভারত সরকারের বিষয়। এখানে বাংলাদেশ সরকারের কোনো প্রকার সম্পৃক্ততা নেই।

“এটা ভারতের ইন্টারনাল ম্যাটার, বাংলাদেশ সরকার কেন এ ব্যাপারে ইন্টারফেয়ার করবে?”

আগামী তিনটি সিটি করপোরেশন নির্বাচনও ‘নিরপেক্ষ ও অবাধ’ হবে মন্তব্য করে সড়ক পবিহন ও সেতুমন্ত্রী কাদের বলেছেন, “সরকারের পক্ষ থেকে কোনো হস্তক্ষেপ করা হবে না।”

খুলনা ও গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে অনিয়মের অভিযোগ করেছে বিএনপি। কিন্তু সরকার বারবার তা প্রত্যাখ্যান করে আসছে। এই অবস্থায় আগামী ৩০ জুলাই হতে যাচ্ছে বরিশাল, রাজশাহী ও সিলেট সিটির নির্বাচন।

ওবায়দুল কাদের বলেন, “আমি আশ্বস্ত করতে চাই, স্বাধীন, নিরপেক্ষ ও কর্তৃত্বপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনের যে নিয়মকানুন, আচরণ বিধি রয়েছে তা আমরা সরকারি দলের পক্ষ থেকে সব মেনে চলব।”

ইলেকশন নিয়ে ‘অপপ্রচার’ হচ্ছে দাবি করে তিনি এর বাস্তবতা কিংবা যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন।

“নিয়ম অনুযায়ী নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে।”

মহাসড়কে কোরবানির ঈদে ঘরমুখো মানুষের যাত্রা স্বস্তিদায়ক হবে আশা প্রকাশ করে তিনি বলেন, “গত ঈদুল ফিতরের তুলনায় আগামী কোরবানির ঈদে সড়কযাত্রা স্বস্তিদায়ক হবে, সুবিধাজনক হবে। গাড়ির গতিও ভালো থাকবে। কারণ এবার রাস্তা প্রশস্ত থাকছে।”

ইতোমধ্যে সড়ক বিভাগ যাত্রার প্রস্তুতিমূলক কাজ শুরু করেছে জানিয়ে কাদের বলেন, “এবারের ঈদে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ফোর লেনের অংশ নির্মাণাধীন ২৩টি ব্রিজ দিয়ে গাড়ি চলবে।”

এ সময় মন্ত্রীর সঙ্গে অন্যান্যের মধ্যে সাসেক প্রকল্পের ব্যবস্থাপক জিকরুল হাসান, ঢাকা বিভাগীয় সড়ক ও জনপথের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন খান, গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ, গাজীপুর সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী নাহিন রেজাসহ সড়ক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।