নারায়ণগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, নিহত ২
নারায়ণগঞ্জের রূপগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে একটি পিকআপভ্যান ধাক্কা দেওয়ার পর এর চালকসহ দুইজন নিহত হয়েছেন।
বুধবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার আধুরিয়া এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে কাঁচপুর হাইওয়ে থানার ওসি মোহাম্মদ কাইয়ুম জানান।
নিহতরা হলেন- পিকআপ ভ্যানের মালিক পটুয়াখালী জেলার দুমকী থানার উত্তরমুলাদিয়া এলাকার সাইজউদ্দিনের ছেলে মিজানুর রহমান ও চালক শরীয়তপুর জেলার নড়িয়া থানার আনাখন্দ এলাকার আব্দুর রহমানের ছেলে আবীর হোসেন।
এতে পিকআপটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয় বলে এ পুলিশ কর্মকর্তা জানান।
লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
