ফেনীতে ৬ লাখ নিষিদ্ধ বড়ি উদ্ধার
ফেনীর একটি গ্রামে অভিযান চালিয়ে ছয় লাখ নিষিদ্ধ ভারতীয় বড়ি জব্দ করেছে বিজিবি।
বিজিবি ৪-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. সহিদুর রহমান জানান, জেলার ছাগলনাইয়া উপজেলায় সত্যনগর গ্রামে মঙ্গলবার সন্ধ্যায় তারা এ অভিযান চালান।
গোপন খবর পেয়ে এ অভিযান চালানো হয় জানিয়ে তিনি বলেন, “সেখান থেকে ২ লাখ ১৭ হাজার ভারতীয় ‘টার্গেট’ নামক বড়ি, ৩ লাখ ২৪ হাজার প্যারাকটিন ও ১ লাখ ৬০ হাজার ডেক্সিন জব্দ করা হয়। বাংলাদেশে এগুলো নিষিদ্ধ।”
তবে বিজিবি এ অভিযানে কাউকে আটক করতে পারেনি। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে গেছে বলে তিনি জানান।
এর আগে গত ৮ জুলাই ফেনীর এসএ পরিবহন কুরিয়ার সার্ভিস কার্যালয় থেকে এক লাখ ১৯ হাজার ‘টার্গেট’ বড়ি ও এক লাখ ২৪ হাজার সেনেগ্রাসহ এর মালিক মো. আব্দুর রহমান রিপন এবং কুরিয়ার সার্ভিসের ফেনীর ব্যবস্থাপক মো. কাজী নিয়ামত উল্লাহকে আটক করে বিজিবি।
