রংপুরে হাসপাতালে ‘অবহেলায়’ মৃত্যু, তদন্তে কমিটি
রংপুর শহরে একটি বেসরকারি হাসপাতালে অবহেলায় এক রোগীর মৃত্যুর অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে সিভিল সার্জনের কার্যালয়।
রংপুরের সিভিল সার্জন জাকিরুল ইসলাম বলেন, “রোববার বিকালে সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রবি শংকর মণ্ডলকে আহ্বায়ক করে এই কমিটি করে দিয়েছি। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।”
শনিবার শহরের সাগরপাড়ায় ‘রংপুর আধুনিক হাসপাতালে’ অস্ত্রোপচারের পর নাসিমা বেগম (৩০) নামে এক রোগীর মৃত্যু হয়।
এ ঘটনার পর হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা পালিয়ে গেছেন।
রংপুর ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতির সাধারণ সম্পাদক শামসুর রহমান কায়েল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রংপুর আধুনিক হাসপাতালের কোনো লাইসেন্স নেই। সমিতির তালিকাভুক্তও নয়।”
হাসপাতালটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সিভিল সার্জনকে একাধিকবার বলা হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।
রংপুর আধুনিক হাসপাতালের বৈধ কোনো কাগজপত্র নেই বলে স্বীকার করেন সিভিল সার্জন জাকিরুল ইসলাম।
তাহলে এতদিন হাসপাতালটি কীভাবে চলেছে প্রশ্ন করা হলে তিনি কোনো উত্তর দিতে পারেননি।
মৃত নাসিমা বেগম কাউনিয়া উপজেলার বেইলি ব্রিজ এলাকার মনু মিয়ার স্ত্রী। মনু ঢাকায় একটি পোশাক কারখানায় কাজ করেন।
নাসিমার মামি ইছারন বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, টিউমার অপারেশনের জন্য নাসিমাকে বৃহস্পতিবার বিকালে এই হাসাপাতালে ভর্তি করান তারা। ওই রাতে তার অপারেশন হয়।
“শনিবার দুপুর ২টায় দুই ব্যাগ রক্ত দেয় নাসিমার শরীরে। এর কিছুক্ষণ পর থেকে তার খিচুনি শুরু হয়। ওই সময় হাসপাতালের লোকজনকে ডাকাডাকি করলেও কেউ আসেনি। বিকাল ৪টার দিকে তার মৃত্যু হয়।
“এরপর হাসপাতালের মালিক এবং ম্যানেজারের রুমে গিয়ে দেখি কেউ নাই। নার্স, আয়া ও ওয়ার্ড বয়দেরও দেখা পাই নাই।”
এদিকে ২৩ ঘণ্টা হাসপাতালে পড়ে থাকার পর রোববার বিকাল ৩টায় নাসিমার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নিয়ে যায় পুলিশ।
৫টায় ময়নাতদন্ত শেষে নাসিমার লাশ তার স্বামী মনু মিয়ার কাছে হস্তান্তর করা হয়।
মনু মিয়া বলেন, “শনিবার বিকালে আমার স্ত্রীর মৃত্যুর খবর পেয়েছি; আজ সকালে রংপুরে পৌঁছে হাসপাতালে আসি। আমার মামি শাশুড়ির মুখে শুনে মনে হচ্ছে অবহেলার কারণে আমার স্ত্রীর মৃত্যু হয়েছে। আমি এর বিচার চাই। মামলা করব।”
কোতোয়ালি থানার ওসি বাবুল মিয়া বলেন, এ ঘটনায় ইউডি মামলা করা হয়েছে। মৃতের স্বজনরা মামলা করলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ওসি বাবুল আরও জানান এখন পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষ, কর্মকর্তা ও কর্মচারীদের দেখা পাওয়া যায়নি। মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও তা বন্ধ পাওয়া যাচ্ছে।
যে বাড়িটি ভাড়া নিয়ে হাসপাতালটি চালানো হচ্ছে সেই বাড়ির মালিক তরিকুল ইসলাম খোকন বলেন, বাড়িটি ভাড়া নিয়ে ছয়জন শেয়ারে গত বছরের জানুয়ারিতে হাসপাতালের কার্যক্রম শুরু করেন।
“শনিবার একজন রোগীর মৃত্যুর পর থেকে হাসপাতালের ছয়জন শেয়ার হোল্ডারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়ায় যোগাযোগ করা সম্ভব হচ্ছে না।”
হাসপাতালে ২০ জন রোগী চিকিৎসাধিন ছিল। কর্তৃপক্ষ, চিকিৎসক, নার্স কেউ না থাকায় আজ (রোববার) সকালে তারা চলে গেছে। এখন হাসপাতালটি শূন্য পড়ে আছে বলে তিনি জানান।
