১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে ‘অবহেলায়’ রোগীর মৃত্যু

রংপুরে একটি ক্লিনিকে অস্ত্রোপচারের পর অবহেলায় এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2018, 11:37 PM

Updated : 19 Aug 2022, 02:16 PM

শনিবার শহরের সাগর পাড়ায় রংপুর আধুনিক জেনারেল হাসপাতালে এ ঘটনার পর পালিয়ে গেছে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা।

মৃত নাসিমা বেগম (৩০) কাউনিয়া উপজেলার বেইলি ব্রিজ এলাকার মনু মিয়ার স্ত্রী। মনু ঢাকায় একটি পোশাক কারখানায় কাজ করেন।

নাসিমা মামি ইছারন বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, টিউমার অপারেশনের জন্য নাসিমাকে বৃহস্পতিবার বিকালে এই হাসাপাতালে ভর্তি করান। ওইদিন রাতে তার অপারেশন হয়।

“আজ (শনিবার) দুপুর ২টায় দুই ব্যাগ রক্ত দেয় নাসিমার শরীরে। এর কিছুক্ষণ পর থেকে তার খিচুনি শুরু হয়। হাসপাতাল কর্তৃপক্ষকে ডাকাডাকি করলেও কেউ আসে নাই। পরে বিকাল ৪টার দিকে তার মৃত্যু হয়।

“এরপর হাসপাতালের মালিক এবং ম্যানেজারের রুমে গিয়ে দেখি কেউ নাই। নার্স, আয়া ও ওয়ার্ড বয়দেরও দেখা পাই নাই।”

এ বিষয়ে রংপুর কোতোয়ালি থানার ওসি বাবুল মিয়া বলেন, রাত ৮টার দিকে ওই এলাকার একজন মোবাইলে ফোন করে রোগীর মৃত্যুর ঘটনাটি জানায়। পরে সেখানে পুলিশ পাঠানো হয়েছে।

ঘটনাস্থল থেকে থানার এসআই দুলাল মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এখানে এসে হাসপাতাল কর্তৃপক্ষ, ম্যানেজার, নার্স, আয়া ও ওয়ার্ড বয় কারো দেখা পাইনি। লাশ পাহারা দিচ্ছে তার মামি ইছারন বেগম।”

এ ব্যাপারে কথা বলার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালকসহ কয়েকজন পরিচালক এবং ম্যানেজারের মোবাইলে ফোন দিলে তা বন্ধ পাওয়া যায়।

তবে রংপুর ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতির সাধারণ সম্পাদক শামসুর রহমান কোয়েল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রংপুর আধুনিক জেনারেল হাসপাতালের কোনো লাইসেন্স নেই। সমিতির তালিকাভুক্তও নয়।”

হাসপাতালটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সিভিল সার্জনকে একাধিকবার বলা হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।