২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

তিস্তার পানি বিপৎসীমার উপরে, চরগ্রাম প্লাবিত

ভারি বর্ষণ ও উজান থেকে আসা পাহাড়ি ঢলে নীলফামারীতে বিপৎসীমার পাঁচ সেন্টিমিটার উপর দিয়ে বইছে তিস্তা।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2018, 07:33 PM

Updated : 11 Oct 2022, 12:28 PM

পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে জেলার দুই উপজেলার ১০টি ইউনিয়নের ১৫টি চরগ্রাম প্লাবিত হয়ে পাঁচ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে বলে জানিয়েছে স্থানীয় জনপ্রতিনিধিরা।

নীলফামারীর ডালিয়া ডিভিশনের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রে বরাত দিয়ে পানি উন্নয়ন বোর্ড হাইড্রোলজি বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আমিনুল ইসলাম জানান, বুধবার রাত থেকে তিস্তা নদীতে পানি বাড়তে থাকে বৃহস্পতিবার বেলা ৩টার দিকে বিপৎসীমার পাঁচ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়।

“উজান থেকে যেভাবে ঢল নেমে আসছে তাতে মনে হচ্ছে নদীর পানি আরও বাড়বে।”

তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তিস্তা ব্যারেজের সবকটি জলকপাট খুলে রাখা হয়েছে বলে জানান তিনি।

এদিকে পানি বৃদ্ধি পাওয়ায় নদীর তঅরবর্তী ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ি, খগাখড়িবাড়ি, খালিশা চাঁপানী, পূর্বছাতনাই, ঝুনাগাছ চাঁপানী, গয়াবাড়ি এবং জলঢাকা উপজেলার গোলমুন্ডা, ডাউয়াবাড়ি, শৌলমারী ও কৈমারী ইউনিয়নের ১৫টি গ্রামের অন্তত পাঁচ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।

এর মধ্যে অনেক পরিবার নিরাপদ আশ্রয়ে সরে যাচ্ছে বলে জানান সংশ্লিষ্ট জনপ্রতিনিধিরা।

উপজেলার পূর্বছাতনাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ খান বলেন, “বুধবার রাত থেকে তিস্তার পানি বৃদ্ধি পেতে থাকে। এতে আমার ইউনিয়নের পূর্বছাতনাই ও ঝাড়শিংহেরশ্বর গ্রামের ৮০০ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।”

টেপাখড়িবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রবিউল ইসলাম বলেন, নদীতে পানি বৃদ্ধির ফলে ইউনিয়নের উত্তরখড়িবাড়ি, পূর্বখড়িবাড়ি, দক্ষিণ খড়িবাড়ি গ্রাম ও চরখড়িবাড়ি গ্রামের আংশিক এলাকার প্রায় এক হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।

তার ইউনিয়নের ভেন্ডাবাড়ি ও ছাতুনামা মৌজার চরগ্রাম প্লাবিত হয়ে পাঁচ শতাধিক পরিবার বন্যাকবলিত হয়ে পড়েছে বলে ঝুনাগাছ চাপানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমিনুর রহমান জানান।

পানি উন্নয়ন বোর্ড নীলফামারীর ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী মো. রফিকুল আলম চৌধুরী বলেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিস্তা ব্যারেজের সব কয়টি (৪৪টি) জলকপাট খুলে রাখা হয়েছে। তাছাড়া নদীর তীরবর্তী এলাকাগুলোতে খোঁজখবর নেওয়া হচ্ছে।