২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কামরানের আয় বেশি, আরিফুলের বেড়েছে সম্পদ ও দেনা

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ছয় মেয়র প্রার্থীর মধ্যে আওয়ামী লীগ প্রার্থী বদরউদ্দিন আহমদ কামরানের বার্ষিক আয় সবচেয়ে বেশি; আর সদ্য বিদায়ী মেয়র বিএনপি প্রার্থী আরিফুল হক চৌধুরীর সম্পদের সঙ্গে বেড়েছে দেনাও।

মঞ্জুর আহমদ

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2018, 08:17 PM

Updated : 19 Aug 2022, 02:15 PM

মেয়র প্রার্থীদের ২০১৩ সালের নির্বাচনী হলফনামার সঙ্গে এবারের জমা দেয়া হলফনামা তুলনা করে এমন তথ্য পাওয়া গেছে।

হলফনামা অনুযায়ী গত পাঁচ বছরে কামরানের সম্পদ সামান্য কমলেও তার স্ত্রী আসমা কামরানের সম্পদ বেড়েছে প্রায় দ্বিগুণ। আর সদ্য বিদায়ী মেয়র আরিফুলের সম্পদ যেমন বেড়েছে, তেমনি বেড়েছে ব্যাংক দেনাও।

কামরান ‘বালি, পাথর সরবহরাকারী ও কমিশন এজেন্ট’ পেশা হিসেবে দেখিয়েছেন হলফনামায়। সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও দলের কেন্দ্রীয় এই সদস্যের বার্ষিক আয় ২৪ লাখ ৯১ হাজার ৪০৩ টাকা।

স্থাবর-অস্থাবর সম্পদের মূল্য দুই কোটি ২৪ লাখ ৭৩১ টাকা। এর মধ্যে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা টাকার পরিমাণ এক কোটি ৫৫ লাখ ৪২ হাজার। নগদ চার লাখ ৫৩ হাজার ৫৫২ টাকা এবং প্রায় ৭ লাখ টাকা মূল্যের অলংকার, ইলেকট্রনিক সামগ্রী ও আসবাবপত্র রয়েছে বলেও হলফনামায় উল্লেখ করেছেন আওয়ামী লীগের এ প্রার্থী।

তাছাড়া সোনালী ব্যাংকে তার ৬৮ লাখ ৮০ হাজার ২৮২ টাকা দেনা রয়েছে বলে উল্লেখ করেছেন কামরান।

২০১৩ সালের হলফনামায় কামরান পাঁচ কোটি ১৬ লাখ ১২ হাজার ৬১২ টাকার সম্পদের থাকার কথা উল্লেখ করেছিলেন।

কামরানের সম্পদ কমলেও গত পাঁচ বছরে তার স্ত্রী নগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসমা কামরানের সম্পদ বেড়েছে দ্বিগুণ।

হলফনামার তথ্য অনুযায়ী, আসমা কামরানের তিন কোটি ৪৫ লাখ এক হাজার ৩৯০ টাকা মূল্যের আবাসিক ও বাণিজ্যিক ভবন রয়েছে। আর অকৃষি জমি রয়েছে দুই কোটি ৩০ লাখ ১৩ হাজার ৫৩১ টাকার।

অস্থাবর সম্পদের মধ্যে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা আছে দুই কোটি পাঁচ লাখ ৯৪ হাজার ২০০ টাকা। সাড়ে ৬ লাখ টাকা মূল্যের একটি গাড়ি এবং প্রায় ১৭ লাখ ৭০ হাজার টাকা মূল্যের অলংকার, বন্ড, ঋণপত্র ও শেয়ার, আসবাবপত্র, ইলেকট্রনিক সামগ্রী রয়েছে আসমার।

এ বিষয়ে জানতে চাইলে কামরান বলেন, “আমাদের যৌথ ব্যবসা। আর স্ত্রীর নামে আলাদা করে কিছু সম্পত্তি আছে।”

গত বছরের আয়কর রিটার্ন অনুযায়ী হলফনামায় আইনগত কারণে সম্পদ বেশি দেখানো হয়েছে জানিয়ে কামরান বলেন, “এটা আসলে গত বছরের আয়কর রিটার্ন দাখিলের সঙ্গে সামঞ্জস্য রেখে করা। তাই সম্পদ বেশি দেখাচ্ছে। বর্তমানে উপশহর এলাকায় একটি ফ্লাটবাড়ি নির্মাণ করায় নগদ অর্থ কমে গেছে।”

নগরীর ছড়ারপাড়ের বাসিন্দা বদর উদ্দিন আহমদ কামরানের শিক্ষাগত যোগ্যতা এইচএসসি। এক সময় চার মামলার আসামি হলেও সবগুলো থেকে তিনি অব্যাহতি পেয়েছেন।

বিএনপি প্রার্থী আরিফুল হক চৌধুরীর অস্থাবর সম্পদের পরিমাণ প্রায় এক কোটি ৯৪ লাখ ৯৮ হাজার ৮৩২ টাকা। এর মধ্যে নগদ ১৯ লাখ ১৮ হাজার ৯৬৭ টাকা, ১১ লাখ ২৫ হাজার ৭৭ টাকা সমমূল্যের বৈদেশিক মুদ্রা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা ৭৯ লাখ ৩৬ হাজার ৯১৩ দশমিক ৩৪ টাকা, ৬৫ লাখ ৩৬ হাজার ৬০০ টাকার শেয়ার, ১৩ লাখ ১৫ হাজার ২৭৫ টাকার প্রাইজবন্ড, ৩ লাখ ৮৬ হাজার টাকা সমমূল্যের গাড়ি, দেড় লাখ টাকার ইলেকট্রনিক সামগ্রী, এক লাখ টাকার আসবাবপত্র ও ৩০ হাজার টাকার স্বর্ণালংকার রয়েছে তার।

হলফনামায় আরিফুল আট দশমিক ৫৩ একর কৃষিজমি, পাঁচ দশমিক ৫৩ একর অকৃষিজমি, সেমিপাকা ৩টি ও ২টি দালানের কথা উল্লেখ করলেও তার মূল্য উল্লেখ করেননি।

তিনি পূবালী ব্যাংকে ৭৭ লাখ ৮২ হাজার ২৫০ টাকা ও সিটি ব্যাংকে ১৫ লাখ ৯৮ হাজার ৫৩ টাকা দেনা থাকার কথা উল্লেখ করেছেন।

২০১৩ সালের হলফনামায় তার স্থাবর-অস্থাবর সম্পদের পরিমাণ উল্লেখ করেছিলেন প্রায় ৩ কোটি টাকা।

হলফনামায় আরিফ পেশা হিসেবে ‘সিএনজি অ্যান্ড ফিলিং স্টেশন ও ডেইরি ফার্ম ব্যবসায়ী’ উল্লেখ করেছেন। তার বার্ষিক আয় সাত লাখ ৫৮ হাজার ১২০ টাকা।

আরিফুলের স্ত্রী শ্যামা হক চৌধুরীর আয় ছয় লাখ ৬৮ হাজার ৩০০ টাকা। এ ছাড়া তার মেয়ের মালিকানাধীন বাসা থেকে ভাড়া এক লাখ আট হাজার ও নির্ভরশীলদের কৃষি খাত থেকে ৩০ হাজার টাকা পান। অস্থাবর সম্পদের পরিমাণ ছয় লাখ ৬৮ হাজার ৩০০ টাকা।

এর মধ্যে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা ১৩ লাখ ১৫ হাজার টাকা, স্থায়ী আমানতে বিনিয়োগ দুই লাখ ১১ লাখ ৩০ হাজার টাকার একটি পিকআপ ভ্যান, এক লাখ ৫৩ হাজার ৪৫০ টাকার আসবাবপত্র, এক লাখ ১২ হাজার টাকার স্বর্ণালংকার ও ৪৫ হাজার টাকার ইলেকট্রনিক সামগ্রী রয়েছ বলে হলফনামায় উল্লেখ করেছে আরিফুল।

২০০৪ থেকে ২০১৫ সালের মধ্যে আরিফ সাতটি ফৌজদারি মামলার আসামি হন। আদালতের আদেশে সব মামলায় বর্তমানে জামিনে আছেন বা আদালতের আদেশের কারণে মামলা স্থগিত আছে বলে হলফনামায় উল্লেখ রয়েছে।

আরিফুল হক চৌধুরী বলেন, “ব্যাংকঋণ নিয়ে ব্যবসা প্রসার হওয়ায় সম্পদ বেড়েছে উল্লেখ করা হলেও আসলে কমেছে। মেয়র থাকাকালে ২৯ মাস জেলে ছিলাম। ওই সময় আমাদের আয়ের একমাত্র উৎস গবাদিপশুর খামার পরিচালনায় ব্যাংক ঋণ নেওয়া হয়েছিল।

“এই হিসাবে সম্পদ কিছুটা বেড়েছে। সেই সঙ্গে দেনাও বেড়েছে। ব্যাংকঋণ বিবেচনায় আমার সম্পদ আসলে বাড়েনি, বরং কমেছে।”

হলফনামার শিক্ষাগত যোগ্যতার তথ্যে আরিফুল হক ‘স্বশিক্ষিত’ উল্লেখ করেছেন।

এদিকে স্বতন্ত্র প্রার্থী নগর জামায়াতে ইসলামীর আমির এহসানুল মাহবুব জুবায়ের সর্বোচ্চ ৩৪ মামলার আসামি। আরেক স্বতন্ত প্রার্থী নগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিমের আয় সব প্রার্থীর মধ্যে সর্বনিম্ন।আর কোনো পেশা কিংবা আয় নেই সিপিবি-বাসদের প্রার্থী আবু জাফরের।

ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী মোয়াজ্জেম হোসেন খান দক্ষিণ সুরমার নর্থইস্ট মেডিকেল কলেজে অধ্যাপনায় যুক্ত।