২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহী সিটি নির্বাচন: ২ ঠিকাদারের মনোনয়নপত্র বাতিল

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে দুই কাউন্সিলর পদপ্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে, যারা করপোরেশনের ঠিকাদার।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2018, 06:29 PM

Updated : 19 Aug 2022, 02:15 PM

এরা হলেন নগরীর ১৮ নম্বর ওয়ার্ডের জিল্লুর রহমান ও ৩০ নম্বর ওয়ার্ডের আছিব হাসান।

নির্বাচনে সহকারী রিটার্নিং অফিসার আতিয়ার রহমান জানান, মনোনয়নপত্র যাচাই-বাছায়ের দ্বিতীয় দিন সোমবার ১৫টি সাধারণ ও ১০টি সংরক্ষিত মহিলা ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়।

“সিটি করপোরেশনের ঠিকাদার হওয়ায় দুইজন কাউন্সিলর পদপ্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। ১৬৯ জনের মধ্যে এ দুজন ছাড়া বাকি ১৬৭ জন সাধারণ কাউন্সিললের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হলো।”

তিনি আরও জানান, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৫২ জন মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই-বাছাই শেষে সবার প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে।

আতিয়ার রহমান বলেন, এর আগে রোববার মেয়র প্রার্থী ও ১৫টি সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। যাচাই-বাছাই শেষে ভুয়া সমর্থকের স্বাক্ষর দেওয়ায় স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী মুরাদ মোর্শেদের মনোনয়নপত্র বাতিল করা হয়। একই সঙ্গে অপর পাঁচ মেয়র পদপ্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

আগামী ৯ জুলাই প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। প্রতীক বরাদ্দ হবে আগামী ১০ জুলাই। ভোট গ্রহণ আগামী ৩০ জুলাই।