‘তাদের দেশের নির্বাচন কি সুষ্ঠু হয়েছে?’
গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচন নিয়ে বিরূপ মন্তব্য করায় বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের সমালোচনা করেছেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম।
শনিবার রাজশাহীতে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, “আমেরিকান রাষ্ট্রদূত আমাদের নির্বাচন নিয়ে কিছু বলেছেন; আপনারা তো আমাকে জিজ্ঞেস করলেন। কিন্তু আমেরিকান রাষ্ট্রদূতকে কি কোনদিন আপনারা প্রশ্ন করতে পেরেছেন, আপনাদের দেশে, আপনারা যারা গণতন্ত্রের ফেরিওয়ালা তাদের দেশে যে নির্বাচন হয়েছে, সে নির্বাচন কি সুষ্ঠু হয়েছে? আপনাদের নির্বাচন নিয়েও তো তদন্ত হচ্ছে?”
বৃহস্পতিবার ঢাকায় কূটনৈতিক প্রতিবেদকদের সঙ্গে এক আলোচনায় বার্নিকাট বলেন, “বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র একই গণতান্ত্রিক নীতি ও ভিত্তির ওপর প্রতিষ্ঠিত। এ বিষয়টিই আমাদের দুই দেশের অবস্থানকে শক্তিশালী করেছে। আর ভারত ও প্রশান্তমহাসাগরীয় অঞ্চলের স্থিতিশীলতার জন্য বাংলাদেশের শক্তিশালী অবস্থান গুরুত্বপূর্ণ।”
বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া এবং খুলনা ও গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের প্রসঙ্গ টেনে বার্নিকাট বলেন, ওই স্থিতিশীলতা কেবল অবাধ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের মাধ্যমে রক্ষা করা সম্ভব।
“বাংলাদেশ সরকার অবাধ, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে অঙ্গীকারাবদ্ধ, যেখানে বাংলাদেশের মানুষের ইচ্ছার প্রতিফলন ঘটবে।… বাংলাদেশ সরকার সেই প্রতিশ্রুতি রক্ষা করবে- আমরা সেটাই দেখতে চাই।”
গাজীপুরে কয়েকটি কেন্দ্রে বিছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে দাবি করে রফিকুল ইসলাম বলেন, যেসব কেন্দ্রে সমস্যা হয়েছে সেগুলো বাতিল করা হয়। সেগুলোতে পুনর্নির্বাচন হবে।
রাজশাহী সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার ও সহায়ক কর্মকতাদের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম।
দুপুরে রাজশাহী আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে আয়োজিত এই কর্মশালায় সভাপতিত্ব করেন উপ-নির্বাচন কমিশনার সৈয়দ আমিরুল ইসলাম।
