কুষ্টিয়ায় ছাত্রদল সভাপতি-সম্পাদকসহ ৪১ নেতাকর্মী আটক
কুষ্টিয়া জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৪১ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার রাত ৯টায় শহরের থানামোড়ের বিএনপি কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য রাগিব রউফ চৌধুরীর বাড়ি থেকে তাদের আটক করা হয়।
রাগিব রউফ চৌধুরীর অভিযোগ, তিনি শুক্রবার ঢাকা থেকে বাড়ি এসেছেন শুনে কুষ্টিয়া জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির নেতাকর্মীরা সৌজন্য সাক্ষাৎ করতে আসেন তার বাসায়। এসব নেতাকর্মীদের আপ্যায়নে খাবার দেওয়া হয়েছিল।
নেতাকর্মীদের আটকের কারণ জানতে চাইলে ওই পুলিশ অফিসার জানান, রাজনৈতিক কারণে তাদের আটক করা হয়েছে, বলেন রাগিব।
মডেল থানার ওসি অপারেশনস ওবাইদুর রহমান বলেন, “আটককৃতদের কাছ থেকে ককটেলের মতো বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে কোনো নাশকতা সৃষ্টির জন্য তারা সেখানে জড়ো হয়েছিল। তাদের বিরুদ্ধে নাশকতা চেষ্টার দায়ে মামলা দায়ের করে আদালতে সৌপর্দ করা হবে।”
