নির্বাচনী তর্কের জেরে ছুরিকাঘাতে ছাত্রদল নেতা নিহত
কক্সবাজার শহরে পৌর নির্বাচন নিয়ে তর্কের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. আফরুজুল হক টুটুল জানান, শুক্রবার বিকাল ৪টার দিকে শহরের বাঁচামিয়ার ঘোনা এলাকায় ছুরিকাঘাতের এ ঘটনা ঘটে।
নিহত এএইচ এম তানভীর (২৭) জেলা ছাত্রদলের প্রশিক্ষণবিষয়ক সম্পাদক বলে জানিয়েছেন তার ভাই ইবনে সিনা।
তানভীর শহরের দক্ষিণ রুমালিয়ারছড়া এলাকার মোহাম্মদ সোলায়মানের ছেলে।
পুলিশ কর্মকর্তা টুটুল প্রত্যক্ষদর্শীদের বরাতে বলেন, বাঁচামিয়ার ঘোনা এলাকায় নূরুল আমিন সওদাগরের দোকানের সামনে পৌরনির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে স্থানীয় দুটি পক্ষের তর্ক-বিতর্কের একপর্যায়ে উত্তেজনা দেখা দেয়।
“পরে তারা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। সে সময় প্রতিপক্ষের ছুরিকাঘাতে তানভীর আহত হন। স্থানীয়রা তাকে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
হত্যাকারীকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে তিনি জানান।
লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
