যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন হচ্ছে: আইন মন্ত্রী
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ায় তিনি সাংবাদিকদের বলেন, ট্রাইব্যুনালের বিচারক আবু আহমেদ জমাদারকে কিছুদিন আগে হাই কোর্টে নিয়োগ দেওয়ার কারণে যুদ্বাপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠনের প্রয়োজনীয়তা দেখা দেয়।
“ইতোমধ্যে পুনর্গঠিত হয়ে গেছে। আমার মনে হয় আগামী রোববার আথবা সোমবার আদেশ বের হবে এবং তারপরই ট্রাইব্যুনাল বসবে।”
তবে পুনর্গঠিত ট্রাইব্যুনালের নতুন বিচারকের নাম জানাননি তিনি।
বিচারপতি মো. শাহিনুর ইসলাম নেতৃত্বাধীন বর্তমান ট্রাইব্যুনালের অপর দুই সদস্য ছিলেন বিচারপতি আমির হোসেন ও অবসরপ্রাপ্ত জেলা জজ মো. আবু আহমেদ জমাদার। সম্প্রতি আবু আহমেদ জমাদারকে হাই কোর্টে বিচারপতি নিয়োগ দেওয়া হয়েছে।
আইনমন্ত্রী দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে তৃণমূল থেকে আসা নেতাকর্মীদের সঙ্গে বর্ধিত সভায় যোগদান করেন।
সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান আনিসুল হক ভুইয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক রাশেদুল কাউছার ভুইয়া জীবন, এম জি হাক্কানী, কাজী আজহারুল ইসলাম, রুহুল আমিন ভুইয়া বকুল, কসবা পৌর মেয়র মো. এমরান উদ্দিন জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন ।
