গাজীপুর সিটি নির্বাচন: ৫ মেয়র প্রার্থীরই জামানত বাজেয়াপ্ত
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা মেয়র প্রার্থীদের মধ্যে পাঁচজনেরই জামানত বাজেয়াপ্ত হয়েছে।
নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ঢাকা বিভাগীয় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রকিব উদ্দিন মন্ডল জানান, প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ ভোট না পাওয়ায় তাদের জামানতের টাকা বাজেয়াপ্ত করা হবে।
মেয়র পদের প্রার্থীর কাছ থেকে জামানতের জন্য ৫০ হাজহার টাকা করে নেওয়া হয়েছে।
গত ২৬ জুন অনুষ্ঠিত নির্বাচনের মেয়র পদে সাত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে আওয়ামী লীগ প্রার্থী মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও বিএনপির মেয়র প্রার্থী মো. হাসান উদ্দিন সরকার ছাড়া আর কেউ জামানত ফেরত পাওয়ার মতো ভোট পাননি।
রিটার্নিং কর্মকর্তা বলেন, নির্বাচনে মোট ৬ লাখ ৪৮ হাজার ৭৪৯ ভোট পড়েছে। এর আট ভাগের এক ভাগ হয় ৮১ হাজার ৯৩ দশমিক ছয় ভোট।
“নির্বাচনে জামানতের টাকা তারাই ফেরত পাবেন যারা ৮১ হাজার ৯৩ দশমিক ছয়ের বেশি ভোট পেয়েছেন।”
ফলাফলে দেখা গেছে বাংলাদেশ কমিউিনিস্ট পার্টির প্রার্থী কাজী মো. রুহুল আমিন পেয়েছেন ৯৭৩ ভোট, স্বতন্ত্র প্রার্থী ফরিদ আহমদ ১৬১৭ ভোট, ইসলামী ঐক্যজোটের ফজলুর রহমান ১৬৫৯ ভোট, বাংলাদেশ ইসলামি ফ্রন্টের মো. জালাল উদ্দিন ১৮৬০ ভোট এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. নাসির উদ্দিন পেয়েছেন ২৬ হাজার ৩৮১ ভোট।
