২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পেট্রাপোলে বাংলাদেশি ট্রাকচাপায় ভারতীয় শ্রমিক নিহত

পেট্রাপোল বন্দরে বাংলাদেশি রপ্তানি পণ্যবাহী ট্রাকচাপায় এক ভারতীয় এক শ্রমিক নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2018, 11:06 PM

Updated : 19 Aug 2022, 02:13 PM

বাংলাদেশের রপ্তানি গেটের কাস্টমস সিপাহি ইমরান হোসেন জানান, বুধবার সন্ধ্যায় এ ঘটনার পর বিক্ষুব্ধ শ্রমিকরা বাংলাদেশি ট্রাক চালককে মারধর করে পুলিশে দিয়েছে।

তিনি বলেন, বুধবার সন্ধ্যা ৬টার দিকে আরিফুল ইসলাম নামের বাংলাদেশি ট্রাক চালক (ট্রাক নং- সিএ-১১-৪১৭৭) গার্মেন্ট পণ্য পেট্রাপোল বন্দরে যায়। ভারতীয় বন্দরের ট্রাক টার্মিনালে প্রবেশের সময় অসতর্কতাবশত সেদেশের একজন শ্রমিক তার গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।

“এ ঘটনায় বিক্ষুব্ধ শ্রমিকরা চালককে মারধর করে পুলিশে দেয়। মারধরে অসুস্থ হয়ে পড়লে পুলিশ তাকে বনগাঁও মহাকুমার একটি হাসপাতালে ভর্তি করেছে বলে জানতে পেরেছি।”

বেনাপোল বন্দর পরিচালক (ট্রাফিক) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাটি শুনেছেন। বিস্তারিত জানার চেষ্টা করছেন।