পাবনায় নিখোঁজ যুবকের লাশ নদীতে
পাবনায় নিখোঁজের তিনদিন পর নদী থেকে এক যুবকের লাশ পাওয়া গেছে।
বুধবার ফরিদপুর উপজেলায় বড়াল নদী থেকে লাশটি উদ্ধার করা হয় বলে ফরিদপুর থানার পরিদর্শক (তদন্ত) মফিজুল হক জানান।
নিহত আরিফ হোসেন উপজেলায় নেছড়াপাড়া গ্রামের আব্দুল হাকিমের ছেলে। ইট ভাটার শ্রমিক ছিলেন তিনি।
পুলিশ কর্মকর্তা মফিজুল বলেন, বড়াল নদীতে ভাসমান লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয় স্থানীয়রা। পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে গেলে নিখোঁজ আরিফের স্বজনরা এসে তা শনাক্ত করেন।
“রোববার বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিল আরিফ। কারা কী কারণে তাকে হত্যা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে।”
লাশ ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
