২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে মিয়াদ হত্যা: ছাত্রলীগ নেতাসহ ৫ জন কারাগারে

সিলেটে ছাত্রলীগকর্মী ওমর আহমদ মিয়াদ হত্যা মামলায় ছাত্রলীগ নেতাসহ পাঁচ আসামিকে কারাগারে পাঠিয়েছে আদালত।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2018, 05:58 PM

Updated : 19 Aug 2022, 02:13 PM

তারা হলেন সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রায়হান চৌধুরী, সারোয়ার হোসেন চৌধুরী, রাফিউল করিম মাসুম, ফাহিম শাহ ও জুবায়ের খান।

সিলেট আদালতের অতিরিক্ত পিপি মাহফুজুর রহমান জানান, বুধবার সিলেট মহানগর মুখ্য হাকিমের আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে বিচারক আবুল কাশেম তাদের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত বছর ১৬ অক্টোবর নগরীর টিলাগড়ে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে মিয়াদকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।

মিয়াদ সিলেটের লিডিং ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষার্থী এবং সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরণ মাহমুদ নিপু গ্রুপের কর্মী ছিলেন।

অতিরিক্ত পিপি মাহফুজুর রহমান বলেন, এ মামলার প্রধান আসামি রায়হানসহ পাঁচজন উচ্চ আদালত থেকে অন্তর্বর্তীকালীন জামিন পান। পরে তারা সিলেট মহানগর দ্বিতীয় আদালত থেকেও জামিন পান। এ নিয়ে মামলার বাদীপক্ষ সিলেট মহানগর নগর দায়রা জজ আদালতে রিভিশন মামলা দায়ের করেন।

“গত সোমবার রিভিশন মামলার শুনানি শেষে আদালত সিলেট মহানগর দ্বিতীয় আদালতের জামিন দেওয়া অবৈধ ঘোষণা করে আসামিদের ২৮ জুনের মধ্যে সিলেট মহানগর মুখ্য হাকিমের আদালতে আত্মসমর্পণের আদেশ দেয়। এ আদেশমতে বুধবার তারা আদালতে হাজির হলে বিচারক তাদের কারাগারে পাঠান।”