২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নিখোঁজ শিশুর লাশ আম বাগানে

যশোরের চৌগাছায় নিখোঁজের চারদিন পর এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2018, 11:51 PM

Updated : 19 Aug 2022, 02:13 PM

মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার ফকিরাবাদ মাঠের একটি আমবাগান থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে চৌগাছা থানার এসআই আকিকুল ইসলাম জানান।

নিহত শর্মিলা খতুন (১০) উপজেলার হাকিমপুর ইউনিয়নের ফকিরাবাদ গ্রামের হাফিজুর রহমানের মেয়ে। হাকিমপুর দাখিল মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্রী সে।

হাকিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল হাসান বলেন, মেয়েটি গত ২২ জুন থেকে নিখোঁজ ছিল। এ ব্যাপারে তার বাবা চৌগাছা থানায় একটি সাধারণ ডায়েরি করেছে।

মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয়রা মাঠের মধ্যে তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় বলে জানান তিনি।

শর্মিলার চাচা আজিজুর রহমান বলেন, শর্মিলা গত ২২ জুন বিকালে বাইসাকেল নিয়ে বাড়ি থেকে বের হয়। সন্ধ্যার আগে বাড়ির পাশে একটি নারকেল গাছে সাইকেলটি হেলানো অবস্থায় পাওয়া যায়।

“যে জায়গা থেকে মেয়ের লাশ উদ্ধার করা হয়েছে সেখানে অনেকবার খোঁজা হয়েছে কিন্ত তাকে পাওয়া যায়নি। কেন তাকে হত্যা করা হল তাও বোঝা যাচ্ছে না।” 

শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান এসআই আকিকুল।