বগুড়ায় সাংবাদিক ‘অপহৃত,’ ৬ ঘণ্টা পর মুক্ত
বগুড়ায় একটি অনলাইন পত্রিকার সাংবাদিক অপহৃত হওয়ার ছয় ঘণ্টা পর মুক্তি পেয়েছেন বলে তার পরিবার জানিয়েছে।
সোমবার দুপুরে বগুড়া শহরের কালিতলায় বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের সামনে থেকে বেলাল হোসেনকে অপহরণ করা হয় বলে তার মামা ওই ব্যাংকের কর্মকর্তা নজরুল ইসলাম জানান।
বেলাল বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের বগুড়া স্টাফ রিপোর্টার। শেরপুর উপজেলার হামছাপুরে পরিবার নিয়ে বসবাস করেন তিনি।
বগুড়া সদর থানার ওসি এসএম বদিউজ্জামান জানান, সাংবাদিক বেলালকে পাওয়া যাচ্ছে না জানিয়ে বিকালে একটি সাধারণ ডায়েরি করেন তার খালাত ভাই এনামুল হক তারেক। ডায়েরি করার পর সন্ধ্যা সাড়ে ৬টায় তার খোঁজ পাওয়ার কথা জানায় পরিবার।
বেলালের মামা নজরুল ইসলাম বলেন, বেলা পৌনে ১টার দিকে তার অফিসে আসে বেলাল। পরে ব্যাংক ম্যানেজারের সঙ্গে ভাগ্নের পরিচয় করিয়ে দেন।
“একটু পরে ফোন দিয়ে বলে ব্যাংকের বাইরে আসার পর মুখে কালো কাপড় বাঁধা ৫/৬ জন অস্ত্রের মুখে তাকে মাইক্রোতে করে তুলে নিয়ে যাচ্ছে। তারা ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।”
এ বিষয়ে বেলাল হোসেন বলেন, “বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের শাখা থেকে বের হওয়ার পরই অস্ত্রের মুখে অপহরণ করা হয়। পরে মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা।
“এ সময় পকেটে থাকা প্রাইম ব্যাংকের একটি সাদা চেকে ৩০ লাখ টাকার লিখে স্বাক্ষর নিয়ে করে দিলে সন্ধ্যা সাড়ে ৬টায় গোবিন্দগঞ্জের চৌরাস্তা মোড়ে ছেড়ে দেয়।”
ওসি বদিউজ্জামান বলেন, গোবিন্দগঞ্জ থেকে তাকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জেনেছি। তবে কী কারণে তাকে অপহরণ করা হয়েছে তা জানা যায়নি।
