যশোরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত ১
যশোর শহরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন।
যশোর কোতয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আবুল বাসার মিয়া জানান, বুধবার ভোরে রেল রোডের আদ-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ ঘটনায় নিহত ওই ব্যক্তির নাম চন্দন কুমার ঘোষ (৩৭)।
চন্দনের বাড়ি শহরের টিবি ক্লিনিক মোড়ে। তিনি যশোর সেনানিবাসের সিভিল অডিট অফিসার হিসেবে কর্মরত ছিলেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছে।
নিহতের চাচা রণজিৎ ঘোষ সাংবাদিকদের বলেন, ঢাকা থেকে একটি বাসে করে ভোরে যশোরে আসে চন্দন। বাস থেকে নেমে রিকশায় করে বাড়ি ফিরছিল সে।
“পথে ছিনতাইকারীরা চন্দনকে ছুরি মেরে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক কাজল মল্লিক জানান, হাসপাতালে আনার আগেই চন্দনের মৃত্যু হয়।
তিনি বলেন, “চন্দনের দুই উরুতে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।”
লাশ ময়ন্তদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে পরিদর্শক আবুল বাসার মিয়া জানান।
