উত্তরায় ২ ‘জেএমবি’ সহোদর গ্রেপ্তার
রাজধানীর উত্তরায় জেএমবি সন্দেহে দুই সহোদরকে গ্রেপ্তার করেছে র্যাব।
উত্তরার রাজলক্ষী মার্কেটে বৃহস্পতিবার রাতে এই অভিযান চালানো হয় বলে র্যাব-১১ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
গ্রেপ্তাররা হলেন মো. আনোয়ার আজিজ অনু (৩৯) ও মো. আফছার আজিজ ওরফে অভি (৩৪)। তারা মাগুরার মোহাম্মদপুর উপজেলার মো. দিদারুল আলমের ছেলে।
এর মধ্যে আনোয়ার আজিজ অনুর বিরুদ্ধে নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও বন্দর থানায় সন্ত্রাস বিরোধী আইনে দুটি মামলা রয়েছে বলে র্যাব জানিয়েছে।
শুক্রবার বিকালে র্যাব-১১ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক মো. আলেপ উদ্দিন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মো. আনোয়ার আজিজ অনু ২০০০ সালে ঢাকার তেজগাঁও কলেজ থেকে ডিগ্রি পাশ করেন এবং ২০০৫ সালে সি আই আই টি-এর অধীনে জিগাতলা, ঢাকা থেকে এমবিএ (হিউম্যান রির্সোচ ম্যানেজমেন্ট) সম্পন্ন করেন। তিনি বিভিন্ন সময় বিভিন্ন আইটি ফার্ম, গার্মেন্টস এর চাকরিসহ বিভিন্ন পেশায় নিয়োজিত ছিলেন। সর্বশেষ একটি মিষ্টির দোকানের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মো. আফছার আজিজ অভি ২০০২ সালে ঢাকার শুক্রাবাদের নিউ মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন। এরপর লেখাপড়া অসমাপ্ত রেখে এমব্রয়ডারির ব্যবসা শুরু করেন। সর্বশেষ এক ব্যক্তির প্রাইভেট কার চালাতেন।
র্যাবের ভাষ্য, আনোয়ার আজিজ অনু এর আগে র্যাব-১১ এর হাতে গ্রেপ্তার মো. মাসুদ আলমের মাধ্যমে ২০১২ সালে উগ্রবাদে উদ্বুদ্ধ হন। এরপর জসিমউদ্দিন রাহমানীসহ বিভিন্ন উগ্রবাদীর সংস্পর্শে আসেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এরপর তিনি তার ভাই মো. আফছার আজিজ অভিকে জেএমবির দাওয়াত দিলে অভি জেএমবির দাওয়াত গ্রহণ করেন এবং তার বাসায় আবু ইউশা ইমনকে জেএমবির বায়াত দেন।
এরপর থেকে দুই ভাই একত্রে সক্রিয়ভাবে জেএমবির দাওয়াতী কাজ শুরু করেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে র্যাব আরও জানায়, দাওয়াতী কাজের পাশাপাশি ইমনের নির্দেশে সামরিক প্রশিক্ষণ গ্রহণ করার জন্য নিজেরা রাজধানীর বিভিন্ন জিমনেশিয়ামে ব্যায়াম করা শুরু করেন। ২০১৫ সালে অনু-অভির নিজ বাসায় স্বয়ংক্রিয় অস্ত্র একে-৪৭ দিয়ে সামরিক প্রশিক্ষণ নেন। ইমন তাদেরকে এই অস্ত্র প্রশিক্ষণ দেন।
অনু-অভির বাবা-মা তাদেরকে জেএমবি থেকে ফেরানোর অনেক চেষ্টা করেও ব্যর্থ হন। অনু সর্বশেষ উত্তরায় জেএমবির দাওয়াতী শাখার প্রধান সমন্বয়কারী হিসেবে কাজ করতেন বলে র্যাব জানায়।
