মাদারীপুরে গ্রামীণ ব্যাংককর্মী খুন, টাকা লুট
মাদারীপুরের রাজৈর উপজেলায় গ্রামীণ ব্যাংকের এক মাঠকর্মীকে গলা কেটে হত্যা করা হয়েছে। খোয়া গেছে তার সঙ্গে থাকা প্রায় এক লাখ টাকা।
রাজৈর থানার ওসি জিয়াউল মোর্শেদ জানান, খালিয়া ইউনিয়নের নয়াকান্দি গ্রামের বেপারীপাড়া এলাকায় বৃহস্পতিবার বেলা ১২টার দিকে তাকে হত্যা করা হয়।
নিহত সোহেল চৌধুরী (৩৫) ওই ইউনিয়নের টেকেরহাট খালিয়া শাখার মাঠকর্মী ছিলেন।
সোহেল গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর গ্রামের মো. ইব্রাহিম চৌধুরীর ছেলে।
গ্রামীণ ব্যাংকের খালিয়া শাখার ব্যবস্থাপক সাইফুল ইসলাম বলেন, সকালে সোহেল একটি কেন্দ্র থেকে কিস্তির টাকা সংগ্রহ করেন। এরপর তার আরেকটি কেন্দ্রে যাওয়ার কথা ছিল।
“এরই মধ্যে শুনি যে তাকে খুন করা হয়েছে। তার কাছে ৮০ থেকে ৯০ হাজার টাকা থাকার কথা। হিসাব করে প্রকৃত সংখ্যা বের করতে হবে। ধারণা করা হচ্ছে আগে থেকে ওত পেতে থাকা ছিনতাইকারী তাকে টাকার জন্য খুন করেছে।”
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
ওসি জিয়াউল বলেন, “তার গলায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। আমরা ওই ছিনতাইকারীকে গ্রেপ্তার করতে চেষ্টা চালিয়ে যাচ্ছি।”
