নীলফামারীতে জেলা জামায়াতের সাবেক আমির গ্রেপ্তার
নীলফামারী জেলা জামায়াতের সাবেক আমির আজিজুল ইসলামকে নাশকতা পরিকল্পনার অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ।
জলঢাকা থানার পরিদর্শক মো. মোস্তাফিজার রহমান জানান, রোববার রাতে গোলমুণ্ডা বাজারের একটি চায়ের দোকান থেকে তাকে গ্রেপ্তরা করা হয়।
আজিজুল গোলমুণ্ডা গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে নাশকতা সৃষ্টির অভিযোগে সদর ও জলঢাকা থানায় একাধিক মামলা রয়েছে। সেসব মামলায় তিনি জামিনে রয়েছেন।
পরিদর্শক মোস্তাফিজার বলেন, “তার বিরুদ্ধে নাশকতার পরিকল্পনার অভিযোগে থানায় নতুন মামলা হওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।”
আজিজুল বর্তমানে জামায়াতের কেন্দ্রীয় সূরা কমিটির সদস্য এবং রংপুর বিভাগীয় দলের অন্যতম নেতা হিসেবে দায়িত্ব পালন করছেন বলে জানান পরিদর্শক মোস্তাফিজার।
তিনি বলেন, “২০১৪ সালের ৫ জানুয়ারি সংসদ নির্বাচনে জলঢাকা উপজেলায় ভোটকেন্দ্র ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে জামায়াত-শিবির। এ ঘটনায় দায়ের হওয়া মামলার অন্যতম আসামি আজিজুল ইসলাম।”
