ফরিদপুরে ১৭৩৬ বোতল উত্তেজক উদ্ধার
ফরিদপুরের মধুখালী উপজেলায় অভিযান চালিয়ে প্রায় ১৭৩৬ বোতল উত্তেজক উদ্ধার করেছে র্যাব।
র্যাব ৮-এর ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন জানান, সোমবার সকালে উপজেলার হাটঘাটা গ্রামের আলম শেখের (৪২) বাড়িতে এ অভিযান চালানো হয়।
গোপন খবরের ভিত্তিতে অভিযান চালানো হয় জানিয়ে তিনি বলেন, “ওই বাড়িতে বিভিন্ন নামে এসব উত্তেজক উৎপাদন করা হচ্ছিল। এগুলো মানবদেহের জন্য ক্ষতিকর হওয়ায় উৎপাদন ও বিপণন নিষিদ্ধ।
“উদ্ধার করা উত্তেজকের মধ্যে রয়েছে - জিনসেন প্লাস ৩৩৫ বোতল, জিনসা ৭২ বোতল, কিং ডাবল হর্স ৪৫ বোতল, নাইট পাওয়ার ৮৬ বোতল, হোয়াইট হর্স পাওয়ার ৬০ বোতল, ইনডায় ১০ বোতল, রেসফুট সিরাফ ৩৩৫ বোতল, সেভন হর্স পাওয়ার সিরাপ ৩৩০ বোতল, মোহাব্বত কি দাওয়াই ৫৩ বোতল, লেভেলবিহীন ৪১০ বোতলসহ মোট ১৭৩৬ বোতল ও এসব তৈরির কাঁচামাল।”
এ ঘটনায় মধুখালী থানায় মামলা হয়েছে জানিয়ে তিনি বলেন, উদ্ধার করা উত্তেজক ও কাঁচামাল থানায় হস্তান্তর করা হয়েছে। বাড়ির মালিক আলম শেখ কৌশলে পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি।
