সিরাজগঞ্জে কথিত বন্দুকযুদ্ধে ‘মাদক বিক্রেতা’ নিহত
সারাদেশে চলমান মাদকবিরোধী অভিযানের মধ্যে সিরাজগঞ্জে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ‘মাদক বিক্রেতা’ নিহত হয়েছে।
জেলা শহরের রায়পুর রেলওয়ে স্টেশনের পাশে রোববার দিকে এ গোলাগুলির ঘটনা ঘটে বলে সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ জানান।
নিহত শাহীন শেখ (৪০) শহরের মাহমুদপুর এলাকার দানেশ শেখের ছেলে। তার নামে দশটি মাদক মামলা রয়েছে বলে পুলিশের ভাষ্য।
আবু ইউসুফ বলেন, গোপনে খবর পেয়ে রাত আড়াইটার দিকে রায়পুর রেলওয়ে স্টেশন এলাকায় মাদক বিরোধী অভিযান চালায় গোয়েন্দা পুলিশ।এ সময় পুলিশকে লক্ষ্য করে মাদক ব্যবসায়ীরা গুলি করলে পুলিশও পাল্টা গুলি করে।
পরে শাহীনকে আহত অব্স্থায় সিরাজগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে এ পুলিশ কর্মকর্তার ভাষ্য।
