ফরিদপুরে দুর্নীতির মামলায় ব্যাংক কর্তকর্তার জেল
অর্থ-আত্মসাতের মামলায় ফরিদপুরের এক ব্যাংক কর্মকর্তা চার বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড হয়েছে।
রোববার ফরিদপুরের বিশেষ জজ মো. মতিয়ার রহমান আসামির উপস্থিতিতে এই রায় দেন।
দণ্ডিত মো. জাকির হোসেন ফরিদপুরের সদরপুর উপজেলার সতেররশি গ্রামের বাসিন্দা।
মামলার নথি থেকে জানা যায়, ২০১৬ সালে সোনালী ব্যাংকের সদরপুর শাখা থেকে ওই সময়ের সোনালী ব্যাংকের ওই শাখার ক্যাশিয়ার মো. জাকির হোসেন গ্রাহক রেহেনা বেগমের সাত লাখ ৯০ হাজার টাকা আত্মসাৎ করেন।
ওই ঘটনায় ২০১৬ সালে মামলা করে দুদক।
ফরিদপুরের দুদকের উপ-পরিচালক মো. ফজলুল হক জানান, দণ্ডবিধির ৪০৯ ধারায় জাকির হোসেনকে চার বছরের কারাদণ্ড ও সাত লাখ ৯০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থ অনাদায়ে তাকে আরও ছয় মাসের বিনাশ্রম কারাভোগ করতে হবে।
