সুন্দরবনে ৬ মণ হরিণের মাংস উদ্ধার
সুন্দরবন থেকে অবৈধভাবে শিকার করে আনা হরিণের ছয় মন মাংস উদ্ধার করেছে কোস্ট গার্ড। তবে কাউকে আটক করা যায়নি।
শুক্রবার সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের বলেশ্বর নদীর নাপিতখালী খাল এলাকায় এ অভিযান চালান হয় বলে কোস্ট গার্ড জানিয়েছে।
মংলা কোস্টগার্ড পশ্চিম জোনের স্টাফ অফিসার (অপারেশন) লেফটেন্যান্ট আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, একদল চোরা শিকারি সুন্দরবন থেকে ফাঁদ দিয়ে হরিণ শিকার করে। পরে ওই হরিণ জবাই করে তার মাংস প্রস্তুত করে নৌকাযোগে লোকালয়ে নিয়ে আসছে খবর পেয়ে কোস্ট গার্ডের একটি দল নাপিতখালী খাল এলাকায় অভিযানে যায়।
“চোরা শিকারিরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে নৌকা ফেলে বনের গহীনে পালিয়ে যায়। তাদের ফেলে যাওয়া নৌকায় তল্লাশি চালিয়ে পাঁচটি প্লাস্টিকের বস্তায় রাখা হরিণের ছয় মন মাংস উদ্ধার করা হয়।”
সন্ধ্যায় উদ্ধার হওয়া মাংস বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান এই কোস্ট গার্ড কর্মকর্তা।
চোরা শিকারিরা সুন্দরবন থেকে অন্তত আটটি হরিণ শিকার করে এই মাংস লোকালয়ে বিক্রির উদ্দেশ্যে আনছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ওই কর্মকর্তা।
