২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে অস্ত্রসহ ৪ ‘ডাকাত’ আটক

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় অস্ত্র ও গুলিসহ চারজনকে আটক করা হয়েছে, যাদেরকে অপহরণকারী ও ডাকাত দলের সদস্য বলছে র‌্যাব।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2018, 07:41 PM

Updated : 19 Aug 2022, 02:09 PM

শুক্রবার শিবপুর বামন গ্রামে এ অভিযান চালানো হয় বলে র‌্যাব-১২ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আটকরা হলেন উপজেলার চর বর্ধনগাছা গ্রামের আজিজুল সরকারের ছেলে শরিফুল ইসলাম  ওরফে শরীফ (৩২), মৃত করিম বক্স মোল্লার ছেলে আব্দুস সামাদ মোল্লা (৫০) ও মৃত বরকত প্রামানিকের ছেলে বাবলু (৪২) এবং কয়ড়া হরিশপুর গ্রামের মৃত ছানোয়ার হোসেনের ছেলে আব্দুল মতিন (৩৪)।

র‌্যাব-১২ এর ভারপ্রাপ্ত কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. হুমায়ুন কবির স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শিবপুর বামন গ্রাম এলাকায় রেললাইনের উত্তর পাশে অভিযান চালিয়ে চার ‘ডাকাতকে’ হাতেনাতে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে একটি পিস্তল, একটি ওয়ান শুটার গান, একটি ম্যাগাজিন, চার রাউন্ড পিস্তলের গুলি, এক রাউন্ড ওয়ান শুটারের গুলি, একটি চাপাতি, একটি হাসুয়া, তিনটি মোবাইল ফোন সেট ও তিনটি টর্চ লাইট উদ্ধার করা হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আটকরা দীর্ঘদিন যাবৎ সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকা ও পার্শ্ববর্তী জেলাগুলোতে ডাকাতি ও অপহরণসহ বিভিন্ন ধরনের অপরাধ করে আসছিল। এ ঘটনায় মামলা হয়েছে।