স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন সদ্যনিযুক্ত ১৮ বিচারপতি
সাভার জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে সদ্য নিয়োগ পাওয়া ১৮ বিচারপতি।
বুধবার বেলা ১১টায় তারা সাভার পৌঁছালে ঢাকার পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান তাদের ফুল দিয়ে স্বাগত জানান।
স্মৃতিসৌধে ফুল দেওয়ার পর তারা শহীদ স্মরণে এক মিনিট নীরবে দাঁড়িয়ে থাকেন। তারপর সবাই পরিদর্শন বইতে সই করেন।
বিচারপতি আবু আহমেদ জমাদার সাংবাদিকদের বলেন, “আমাদের একটাই লক্ষ্য যারা বিচারপ্রার্থী, সাংবিধানিকভাবে যারা বিচার লাভের অধিকারী, তাদের বিচারটাকে যত দ্রুততর সময়ে সহজতর করে ন্যায়-নীতি, সততা ও দক্ষতার সঙ্গে দিতে পারি সেই লক্ষ্যে আমরা কাজ করে যাব।
নবনিযুক্ত ১৮ বিচারপতি হচ্ছেন - মো. আবু আহমেদ জমাদার, এস এম আব্দুল মবিন, মো. মোস্তাফিজুর রহমান, ফাতেমা নজীব, মো. কামরুল হোসেন মোল্লা, এস এম কুদ্দুস জামান, মো. আতোয়ার রহমান, খিজির হায়াত, এস এম মনিরুজ্জামান, শশাংক শেখর সরকার, মোহাম্মদ আলী, মহিউদ্দিন শামীম, মো. রিয়াজ উদ্দিন খান, মো. খায়রুল আলম, আহমেদ সোহেল, সরদার মো. রাশেদ জাহাঙ্গীর, খোন্দকার দিলীরুজ্জামান ও কে এম হাফিজুল আলম।
রাষ্ট্রপতি তাদের দুই বছরের জন্য নিয়োগ দিয়েছেন জানিয়ে গত ৩০ মে আদেশ জারি করে আইন ও বিচার বিভাগ। এর আগে সর্বশেষ ২০১৫ সালের ৯ ফেব্রুয়ারি ১০ জন বিচারপতি নিয়োগ দেওয়া হয়।
সদ্য নিযুক্ত বিচারপতিরা স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর সময় সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ রাসেল হাসান, সাভার গর্ণপূত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান, ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার সাঈদুর রহমান তাদের সঙ্গে ছিলেন।
