হবিগঞ্জে সাংবাদিক নির্যাতন: পুলিশের সংবাদ বর্জনের ঘোষণা
হবিগঞ্জে ইয়াবা দিয়ে সাংবাদিককে মামলায় ফাঁসানো ও নির্যাতনের অভিযোগ তুলে পুলিশের অনুষ্ঠান ও সংবাদ বর্জনের ঘোষণা দিয়েছেন হবিগঞ্জের সংবাদ কর্মীরা।
সোমবার হবিগঞ্জ প্রেসক্লাবে এক সভায় জেলা শহরে কর্মরত সাংবাদিকরা এই ঘোষণা দেন।
এ সময় তারা চার দফা দাবিও ঘোষণা করেন।
দাবিগুলো হলো এই ঘটনায় জড়িত পুলিশ সদস্যদেরকে প্রত্যাহারসহ শাস্তি, সাংবাদিক জীবনের বিরুদ্ধে মামলা প্রত্যাহার, তার ক্ষতিপূরণ প্রদান এবং সাংবাদিকদের কাছে পুলিশ সুপারের ক্ষমা প্রার্থনা করা।
পুলিশের দাবি, বৃহস্পতিবার রাতে হবিগঞ্জে কর্মরত ইউকে ভিত্তিক টেলিভিশন ‘চ্যানেল এস’-এর সাংবাদিক সিরাজুল ইসলাম জীবনের ভাইকে ১০টি ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। পরে সাংবাদিক জীবন পুলিশের উপর হামলা চালান।
কিন্তু সাংবাদিক জীবন ও স্বজনদের অভিযোগ, পুলিশ তার ভাইয়ের হাতে ইয়াবা দিয়ে এবং তার বিরুদ্ধে পুলিশের উপর হামলার অভিযোগ তুলে মামলায় ফাঁসিয়েছে। ওই সময় তাদের মারধরও করা হয়।
পুলিশের অনুষ্ঠান বর্জন শুরু হয় সোমবার পুলিশ লাইনে অনুষ্ঠিত জেলা পুলিশ প্রশাসনের ইফতার মাহফিল বর্জনের মধ্য দিয়ে। এই অনুষ্ঠানে কোনো সংবাদিক অংশগ্রহণ করেননি।
জীবন ও তার স্বজনরা জানান, বৃহস্পতিবার রাতে মিথ্যা অভিযোগে জীবন ও তার ভাইকে ধরে থানায় নিয়ে রাতভর মারপিট করে পুলিশ। পুলিশ তার শরীরের স্পর্শকতর স্থানেও আঘাত করে। দেওয়া হয় মোমবাতির ছ্যাঁকা।
পরে তার বিরুদ্ধে পুলিশের উপর হামলা এবং সরকারি কাজে বাধাদানের অভিযোগে এবং তার ভাইয়ের বিরুদ্ধে ইয়াবা ট্যাবলেট রাখার অভিযোগে মাদকের মামলা দিয়ে কারাগারে পাঠায় পুলিশ।
এখন তিনি হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
চিকিৎসার জন্য হবিগঞ্জ প্রেসক্লাব থেকে সহায়তার পাশাপাশি সাংবাদিকরাও সহায়তার উদ্যোগ নিয়েছেন।
এদিকে, হবিগঞ্জ পৌরসভার মেয়র জি কে গউছ সোমবার তাকে হাসপাতালে দেখতে গেছেন এবং ২০ হাজার টাকা সহায়তা দিয়েছেন।
এ ঘটনায় পুলিশ একটি তদন্ত কমিটি গঠন করেছে। অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলামকে প্রধান করে এই কমিটি গঠন করেন জেলা পুলিশ সুপার বিধান ত্রিপুরা। কমিটিকে তিন কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।
