২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিরোজপুরে সমাজসেবা কর্মকর্তাকে মারধরে মামলা

পিরোজপুরের মঠবাড়িয়ায় ভুয়া বিলের টাকা না দেওয়ায় সমাজসেবা কর্মকর্তাকে পিটিয়ে জখম করার অভিযোগে মামলা হয়েছে।

পিরোজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2018, 06:35 PM

Updated : 11 Oct 2022, 12:23 PM

পুরনো খবর:

‘ভুয়া বিলের টাকা না দেওয়ায়’ কর্মকর্তাকে পিটিয়ে জখম

এদিকে, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আখলাকুর রহমানের উপর হামলার বিচারের দাবিতে এলাকায় মানববন্ধন করেছেন স্থানীয়রা।

মঠবাড়িয়া থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল আমিন জানান, রোববার মঠবাড়িয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা আখলাকুর রহমান বাদী হয়ে হত্যা চেষ্টা, অফিস ভাংচুর ও সরকারি কাজে বাধাদানের অভিযোগে মামলাটি দায়ের করেন।

মঠবাড়িয়া থানায় করা এ মামলায় আসামিরা হলেন হাজী গুলশান আরা শিশু সদনের সভাপতি আবদুল গফ্ফার (৫৫), শিক্ষক মাওলানা মোস্তফা মাহমুদ (৫০), তাদের সহযোগী মাসুম (৪৫) এবং অজ্ঞাত পরিচয় আরও চারজন।

আটক আবদুল গফফার ও মাওলানা মোস্তফা মাহমুদকে সোমবার ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

এতিমখানা ‘হাজী গুলশান আরা শিশু সদন’-এর ভুয়া এতিম দেখিয়ে তৈরি তালিকামতো সরকারি বরাদ্দের টাকা ছাড় না করায় এতিমখানার সভাপতি আবদুল গফফার ও তার ভাড়া করা দলবল রোববার বিকালে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আখলাকুর রহমানের কক্ষে ঢুকে হামলা চালিয়ে তাকে গুরুতর জখম করে। 

এ ঘটনার প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে সোমবার দুপুরে মঠবাড়িয়া উপজেলা পরিষদের সমানের সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন হয়।

উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ শিক্ষক সাংবাদিকসহ বিভিন্ন দপ্তরের কর্মচারীরা অংশগ্রহণ করেন।

পরে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মুহাম্মদ মনিরুজ্জামানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর, সাবেক সহ-সভাপতি মুক্তিযোদ্ধা ফারুকুজ্জামান, সহ-সভাপতি আরিফ-উল-হক, প্রচার সম্পাদক ফজলুল হক মনি, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কবির হোসেন, সাংবাদিক মিজানুর রহমান মিজু, যুবলীগের সাধারণ সম্পাদক জুলহাস শাহিন ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম প্রমুখ।