২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধু সাফারি পার্কে জন্ম নিল ৩ ব্লু ওয়াইল্ড বিস্ট শাবক

গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে প্রথমবারের মত তিনটি ব্লু ওয়াইল্ড বিস্ট শাবকের জন্ম হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2018, 03:45 PM

Updated : 08 Apr 2022, 06:29 PM

পার্কের ওয়াইল্ড লাইফ সুপারভাইজার মো. সরোয়ার হোসেন খান জানান, রোববার জন্মের পর থেকে মা ও বাচ্চারা সুস্থ রয়েছে।

এ নিয়ে এ পার্কে এ পরিবারের সদস্য হল ১৩টি।

সরোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রসবের কয়েক মিনিট পর বাচ্চা উঠে দাঁড়ায় এবং দৌড়াতে শুরু করে।

“তারা এখন মায়েদের সঙ্গে খেলা করে বেড়াচ্ছে। দৌড়াচ্ছে। বাচ্চা তিনটি মাদি না পুরুষ এখনও দেখা হয়নি। মানুষ দেখলে তারা নিরাপদ দূরত্বে সরে যাচ্ছে। নিরাপত্তার স্বার্থে কাউকে তাদের কাছে যেতে দেওয়া হচ্ছে না।”

২০১৩ থেকে দুই বছরের মধ্যে বিভিন্ন সময় এ পার্কে পূর্ণবয়স্ক ১১টি ব্লু ওয়াইল্ড বিস্ট আনা হয়। তাদের মধ্যে একটি রোগে ভুগে মারা গেছে জানিয়ে সরোয়ার বলেন, এদেরকে আফ্রিকা মহাদেশের দক্ষিণ-পূর্ব এলাকার দেশগুলোয় প্রাকৃতিক পরিবেশে বিচরণ করতে দেখা যায়। এরা তৃণভূমিতে একসঙ্গে চলাফেরা করে।

“প্রতিবছর সেপ্টেম্বর-অক্টোবর প্রজনন ক্রিয়ায় অংশ নেয়। এর সাড়ে আট মাস পর বাচ্চা প্রসব করে। প্রতিটি বাচ্চার ওজন হয় সাধারণত ১৯ কেজির একটু কম বা বেশি। প্রথমে গায়ের রং ধূসর থাকে। পূর্ণ বয়স্ক হলে নীলাভ ধূসর হয়। প্রতিবার এরা সাধারণত একটি করে বাচ্চা প্রসব করে। প্রায় এক বছর পর্যন্ত মায়ের সঙ্গে থেকে দুধ পান করে। তবে এক সপ্তাহ পর থেকেই মায়ের দুধের পাশাপাশি ঘাস খেতে চেষ্টা করে।”

ছোট ঘাস এদের বেশি পছন্দ জানিয়ে তিনি বলেন, পুরুষ বিস্ট দুই বছর আর মাদি বিস্ট ১৬ মাসে প্রজননক্ষম হয়। প্রকৃতিক পরিবেশে এরা ২০ বছর আর আবদ্ধ পরিবেশে ২৪ বছর পর্যন্ত বেঁচে থাকে।