কাজে ফিরেছে বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা
টানা ২১ দিন কর্মবিরতির পর কাজে যোগ দিয়েছে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির আন্দোলনে থাকা শ্রমিক কর্মচারীরা।
রোববার সকাল ৬টায় তারা কর্মস্থলে ফিরে কয়লা উৎপাদন শুরু করে।
এরআগে শনিবার রাত ১০টায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমানের মধ্যস্থতায় খনি কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের পর কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেন শ্রমিক নেতারা।
বৈঠকে বড়পুকুরিয়া খনির ব্যবস্থাপনা পরিচালকসহ খনির উর্ধ্বতন কর্মকর্তা এবং শ্রমিক নেতা রবিউল ইসলাম, আবু সুফিয়ান এবং ক্ষতিগ্রস্ত ২০ গ্রাম সমন্বয় কমিটির পক্ষে মশিউর রহমান বুলবুল ও মিজানুর রহমান উপস্থিত ছিলেন।
বড়পুকুরিয়া খনির ব্যবস্থাপনা পরিচালক হাবিব উদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শ্রমিকরা শনিবার রাতেই কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেয়। আর রোববার সকাল ৬টা থেকে তারা কাজে ফিরে কয়লা উৎপাদন কাজ শুরু করেছে।
অস্থায়ী শ্রমিকদের স্থায়ী নিয়োগ, বকেয়া বেতন-ভাতা প্রদান, প্রফিট বোনাসসহ ১৩ দফা দাবিতে গত ১৩ মে থেকে বড়পুকুরিয়া কয়লা খনির এক হাজার ৪১ জন বাংলাদেশি শ্রমিক-কর্মচারী কর্মবিরতি শুরু করে।
