টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন।
শনিবার বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রী হেলিকপ্টারে করে টুঙ্গিপাড়া পৌঁছান। এসময় তার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা।
টুঙ্গিপাড়া পৌঁছে বাবার সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী।
এ সময় বেদীর পাশে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর ছোট বোন শেখ রেহানাকে নিয়ে ফাতেহা পাঠ করেন। এরপর বাবা, মা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ও পরিবারের সদস্যদের জন্য বিশেষ দোয়া মোনাজাত করেন তিনি।
এ সময় পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গোপালগঞ্জ সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক সমীর মল্লিক বলেন, “প্রধানমন্ত্রী সমাধিসৌধ কমপ্লেক্সে সরাসরি ১৫ শিশুর হাতে ঈদ উপহার তুলে দেন। অন্যদের উপহার সামগ্রী আমরা পৌঁছে দিয়েছি।”
পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়ার বাসভবনে আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে বেলা ২টার দিকে হেলিকপ্টারে করে ঢাকার উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী।
