হত্যা মামলার ১৩ মাস পর খোঁজ
হত্যার পর গুম করা হয়েছে বলে আদালতে মামলার ১৩ মাস পর এক মা ও তার ছয় বছরের মেয়ের খোঁজ পেয়েছে কক্সবাজারের পুলিশ।
ওই মায়ের দাবি, তিনি স্বেচ্ছায় লুকিয়ে থাকলেও মামলার বিষয়ে কিছু জানেন না।
জেলা পিআইবির অতিরিক্ত পুলিশ সুপার মো. আবদুল্লাহ আল মামুন বলেন, চকরিয়া উপজেলার ভিলেজার পাড়ার নবী হোসেন মামলায় তার জামাতার বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন, যৌতুক না দেওয়ায় তার মেয়ে সেতারা বেগম (২২) ও নাতি নুসরাত জাহান মিতুকে (৬) হত্যার পর লাশ গুম করা হয়েছে।
“আদালতের নির্দেশে তদন্তে নেমে পিবিআই চট্টগ্রামের পতেঙ্গা স্টিল মিল বাজারের টিএসপি গেইট এলাকায় তাদের খোঁজ পায়। তারা সেখানে একটি ভাড়া বাসায় বাস করছিলেন। শুক্রবার তাদের সেখান থেকে কক্সবাজার আনা হয়।”
শনিবার সকালে কক্সবাজার পিবিআই কার্যালয়ে সেতারা সাংবাদিকদের বলেন, ২০১১ সালের ২২ জুলাই একই এলাকার রফিকুল ইসলামের সঙ্গে পারিবারিকভাবে তার বিয়ে হয়।
“বিয়ের পর থেকেই রফিকুল যৌতুকের দাবিসহ নানা অজুহাতে আমাকে মারধর করত। তার পরিবারের অন্য সদস্যরাও তুচ্ছ ঘটনা নিয়ে ব্যাপক মারধর করত। অমানুষিক নির্যাতন সহ্য করতে না পেরে পালিয়ে চট্টগ্রামে যাই।”
কর্ণফুলী ইপিজেড এলাকায় একটি পোশাক কারখানায় চাকরি নিয়ে ভাড়া বাসায় বসবাস শুরু করেন বলে তিনি জানান।
মামলার বিষয়ে তিনি বলেন, “আমি কিছু জানতাম না। কারও সঙ্গে আমার কোনো যোগাযোগ ছিল না।”
তাদের আদালতে পাঠানো হবে। আদালত পরবর্তী নির্দেশ দেবে বলে জানান পুলিশ কর্মকর্তা মামুন।
