মুন্সীগঞ্জে গৃহবধূকে বেঁধে গায়ে ঢালল মরিচের গুঁড়া
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় এক গৃহবধূকে গাছে বেঁধে গায়ে মরিচের গুঁড়া ছিটানোর অভিযোগে মামলা হয়েছে।
মধ্য কামারগাঁও গ্রামে গত রোববার এ ঘটনা ঘটে বলে শ্রীনগর থানার ওসি এসএম আলমগীর হোসেন জানান।
ওই নারী নয় জনের বিরুদ্ধে শ্রীনগর থানায় মামলা করার পর পুলিশ প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে।
শুক্রবার আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানো হয়।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি আলমগীর বলেন, টাকা-পয়সার লেনদেন ও জমিজমা নিয়ে পূর্ব বিরোধের জেরে গত রোববার (২৭ মে) বিকালে কামারগাঁও গ্রামের আজিজুল খানের স্ত্রী সালেহা বেগমকে রশি দিয়ে গাছের সঙ্গে বেঁধে শরীরে মরিচের গুঁড়া ছিটিয়ে দেয় প্রতিপক্ষের লোকজন।
“ওই সময় সালেহা যন্ত্রনায় চিৎকার করলে হামলাকারীরা উল্লাস করে বলে অভিযোগে বলা হয়।”
ওসি বলেন, ওই সময় মোবাইল ফোনে সালেহার ছবি তুলে তা ফেসবুকে ছেড়ে দেয় নির্যাতনকারীরা। এর দুইদিন পর সালেহা কামারগাঁও গ্রামের আব্দুল খালেক (৫৫), জোসনা (৩৫), সাবানা (৪০), কাজল খান (৪৫), লিপি বেগম (৪৫), সোহেল (২৫), রুবেলসহ (৩০) নয়জনকে অসামি করে শ্রীনগর থানায় অভিযোগ দায়ের করেন।
“অভিযোগের তদন্তকারী কর্মকর্তা শ্রীনগর থানার এসআই মো. মোদাচ্ছের কৌশলে বৃহস্পতিবার রাতে প্রধান আসামি আব্দুল খালেককে গ্রেপ্তার করেছেন।”
ওসি বলেন, মামলার প্রধান আসামিকে গ্রেপ্তারের পর এই ঘটনার অনেক তথ্য উদঘাটন হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
