বেনাপোলে ৩৭ লাখ টাকাসহ পাচারকারী আটক
যশোরের বেনাপোলে প্রায় ৩৭ লাখ টাকাসহ একজনেক আটক করা হয়েছে বলে বিজিবি জানিয়েছে।
বিজিবি ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল হক বলেন, এই টাকা ভারতে পাচারের জন্য মজুদ রাখা হয়েছিল।
আটক রেজাউল করিম (৪০) যশোরের শার্শা উপজেলার কন্যাদহ গ্রামের হোসেন মোল্লার ছেলে।
বিজিবি কর্মকর্তা আরিফুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হুন্ডির একটি বড় চালান নিয়ে এক পাচারকারী বেনাপোল বাজারে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক ভবনে অবস্থান করছে বলে গোপন খবর আসে।
“বৃহস্পতিবার বেলা ২টার দিকে ওই ভবনের তৃতীয় তলায় ২১২ নম্বর রুম থেকে বিজিবির টহলদল তাকে আটক করে। তার ব্যাগ তল্লাশি করে ৩৬ লাখ ৮০ হাজার টাকা পাওয়া গেছে।”
তাকে মুদ্রা পাচার আইনে মামলা দিয়ে বন্দর থানায় হস্তান্তর করার পাশাপাশি উদ্ধার করা টাকাও ওই থানায় জমা দেওয়া হয়েছে বলে তিনি জানান।
