২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে দুই বাসের পাল্লা, মাঝখানে চাপা পড়ে সহকারী নিহত

গাজীপুরে আজমেরী গ্লোরী পরিবহনের দুই বাস পাল্লা দেওয়ার সময় মাঝখানে চাপা পড়ে এক সহকারীর মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2018, 03:01 PM

Updated : 08 Apr 2022, 06:27 PM

সালনা হাইওয়ে থানার ওসি বাসুদেব সিনহা বলেন, দুই বাস পাল্লা দিয়ে চলার সময় দরজায় দাঁড়িয়ে থাকা সহকারী দুই বাসের মাজখানে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা গেছেন।

নিহত রামচরণ সরকার (২৮) গাজীপুর সিটি করপোরেশনের পূবাইল এলাকার সন্তোষ সরকারের ছেলে।

ওসি বাসুদেব বলেন, সোমবার রাত সাড়ে ৯টার দিকে কোনাবাড়ী এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আজমেরী গ্লোরী পরিবহনের দুটি বাস পাল্লাপাল্লি করে ঢাকার দিকে যাচ্ছিল।

“বাসের দরজায় দাঁড়িয়ে ছিলেন সহকারী রামচরণ। একপর্যায়ে ওভারটেক করার সময় বাস দুটির মাঝখানে চাপা পড়ে রামচরণ ঘটনাস্থলেই মারা যান।”

এ বিষয়ে পুলিশ কোনো অভিযোগ পায়নি জানিয়ে তিনি বলেন, বরং পরিবার লাশ চেয়ে আবেদন করেছে। লাশ হস্তান্তর করা হয়েছে।