২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোহিঙ্গা শিশুদের সঙ্গে গল্প-খুনসুটি করে সময় কাটালেন প্রিয়াঙ্কা

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে শিশুদের সঙ্গে খেলাধুলা, গল্প-খুনসুটি করে সময় কাটালেন বলিউড-হলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া।

কক্সবাজার প্রতিনিধি

শংকর বড়ুয়া রুমি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2018, 08:09 PM

Updated : 11 Oct 2022, 12:21 PM

পুরনো খবর:

‘তাদের মুখে হাসি, চোখে নিঃসীম শূন্যতা’

বুধবার তৃতীয় দিনের মত রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন জাতিসংঘের শিশু বিষয়ক তহবিল ইউনিসেফের এ শুভেচ্ছা দূত।

এ দিন তিনি উখিয়ার পালংখালী ইউনিয়নের জামতলী ও বালুখালী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন বলে জানান কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. আফরুজুল হক টুটুল।

তৃতীয় দিনও গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেননি ভারতীয় এ অভিনেত্রী।

পুলিশ কর্মকর্তা আফরুজুল বলেন, সকাল সাড়ে ৮টায় ইউনিসেফের একটি প্রতিনিধি দল প্রিয়াঙ্কাকে নিয়ে হোটেল থেকে রোহিঙ্গা ক্যাম্পের উদ্দেশে রওনা দেন। সকাল ১০টার দিকে তারা পালংখালীর জামতলী রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান।

“এরপর প্রিয়াঙ্কা রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখেন। এ সময় তিনি রোহিঙ্গা শিশু-কিশোর ও নারীদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজ-খবর নেন।

“ক্যাম্প পরিদর্শনের শেষ পর্যায়ে রোহিঙ্গা শিশু-কিশোদের সঙ্গে খেলাধুলায় মেতে উঠেন এবং গল্প-খুনসুটি করে সময় কাটান তিনি।”

 

প্রায় দুই ঘণ্টা ক্যাম্প পরিদর্শন শেষে বেলা ১২টার দিকে বালুখালী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যান ইউনিসেফের এ শুভেচ্ছা দূত।

সেখানেও তিনি ইউনিসেফসহ বিভিন্ন সংস্থার শরণার্থী ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি রোহিঙ্গা শিশু-কিশোরদের সঙ্গে সময় কাটান। বিকাল ৪টা পর্যন্ত ক্যাম্পে অবস্থান করে আবার হোটেলে ফিরেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

তিনি বলেন, বৃহস্পতিবার সকালে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের কথা রয়েছে এ বলিউড অভিনেত্রীর। এরপর সেখান থেকে হোটেলে ফিরে বিমানে করে ঢাকায় রওনা দেবেন তিনি।

সোমবার কক্সবাজার আসেন প্রিয়াঙ্কা। ওইদিন বিকালে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন তিনি। পরদিন মঙ্গলবার সকালে তিনি টেকনাফের সাবরাং সীমান্ত এলাকা ও উনচিপ্রাং এবং দুপুরে উখিয়ার বালুখালী ও ময়নারঘোনা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যান।