২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থ আত্মসাতের মামলায় রাগীব আলীর বিচার শুরুর নির্দেশ

সিলেটের দণ্ডিত ব্যবসায়ী রাগীব আলীর বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে আড়াই কোটিরও বেশি টাকা আত্মসাতের এক মামলা বিচার শুরুর নির্দেশ দিয়েছে আদালত।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2018, 06:35 PM

Updated : 19 Aug 2022, 02:03 PM

বৃহস্পতিবার সিলেট মহানগর হাকিম প্রথম আদালতের বিচারক মামুনুর রহমান সিদ্দিকী অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন বলে বাদীর আইনজীবী মোহাম্মদ আলী জানান।
২০১৭ সালের ৩ এপ্রিল সিলেট মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরোর আদালতে ২ লাখ ১৫ হাজার পাউন্ড (বাংলাদেশি টাকায় আনুমানিক দুই কোটি ৭৯ লাখ ৫০ হাজার) আত্মসাতের অভিযোগে রাগীব আলীর বিরুদ্ধে মামলাটি করেন নাবিদা ডেভলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান আখলাকুর রহমান গুলজার।

পরবর্তীতে মামলাটি মহানগর হাকিম আদালতে স্থানান্তরিত হয়।
মামলার এজাহারে বলা হয়েছে, নাবিদা ডেভলপমেন্ট ফাউন্ডেশনের জন্য ২০০৫ সালের ৮ ফেব্রুয়ারি সাউথ ইস্ট ব্যাংক তিন কোটি টাকা ঋণ মঞ্জুর করে। ঋণের মধ্যে ২ কোটি ১৫ লাখ টাকা তিন কিস্তিতে উত্তোলন করে ফাউন্ডেশন।
“এরপর ২০০৮ সালের ৫ জুলাই সাউথ ইস্ট ব্যাংকে বন্ধক দেওয়া সম্পত্তির নিলাম বিজ্ঞপ্তি রাগীব আলীর মালিকানাধীন সিলেটের ডাক পত্রিকায় প্রকাশিত হয়। সাউথ ইস্ট ব্যাংকের ভাইস চেয়ারম্যান রাগীব আলী বাদীর পারিবারিক পূর্বপরিচিতি হওয়া তিনি তার সঙ্গে টেলিফোনে যোগাযোগ করেন।”

তখন রাগীব আলী তাকে বলেন, লেনদেন লন্ডনে শেষ না করা হয় হলে সম্পত্তি নিলাম হয়ে যাবে।
নাবিদা ডেভলপমেন্ট ফাউন্ডেশনের বেশিরভাগ পরিচালক ও শেয়ার হোল্ডার যুক্তরাজ্য প্রবাসী হওয়ায় তার কথা মতো ২০০৯ সালের ৩০ মে ২ লাখ ১৫ হাজার পাউন্ড (তখন এক পাউন্ডের মূল্য বাংলাদেশি টাকায় ছিল ১৩০ টাকা, সে হিসেবে বাংলাদেশি টাকায় আনুমানিক ২ কোটি ৭৯ লক্ষ ৫০ হাজার) নগদ দেন বলে মামলায় বলা হয়েছে।

বাদীর আইনজীবী বলেন, পরবর্তীতে রাগীব আলীর নির্দেশ ও পরামর্শ অনুসারে ২০১০ সালের ১০ ডিসেম্বর সুদ মওকুফের জন্য আবেদন করা হয়। কিন্তু পরে জানা যায়, রাগীব আলী ব্যাংকে টাকা জমা না দিয়ে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে টাকা আত্মসাৎ করেছেন ।

এরআগে ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতির মামলায় ৮৩ বছর বয়সী রাগীব আলী ও তার ছেলেকে ১৪ বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত।

আর প্রতারণার মাধ্যমে তারাপুর চা-বাগানের ভূমি আত্মসাতের মামলায় রাগীব আলীকে ১৪ বছর, তার ছেলে আবদুল হাই, মেয়ে রুজিনা কাদির, জামাতা আব্দুল কাদির ও আত্মীয় দেওয়ান মোস্তাক মজিদকে ১৬ বছর করে কারাদণ্ড দেয়।

দুই মামলারই রায় হয় গত বছর।