শরীয়তপুরে বাবাসহ শিশুকে শিকলে বেঁধে নির্যাতন
চুরির অপবাদ দিয়ে শরীয়তপুর সদরে এক শিশু ও তার বাবাকে শিকলে বেঁধে নির্যাতন করেছে গ্রামের কয়েকজন ব্যক্তি।
পাঁচদিন আগে উত্তর চন্দ্রপুর এলাকায় এ ঘটনা ঘটলেও এখনও মামলা হয়নি।
উত্তর চন্দ্রপুর গ্রামের খোকন মোল্যা ও তার ছেলে শামীমকে (১১) সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শামীম বাহের চন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র।
শিশুটির মা ফাহিমা ও স্থানীয় ইউপি সদস্য রুবেল মৃধা বলেন, চন্দ্রপুর গ্রামের হালিম বেপারীর বাড়িতে শবেবরাত রাতে চুরি হয়। ওই চুরির ঘটনায় শামীম জড়িত অভিযোগ তুলে গত ৯ মে (বুধবার) সকাল ৯টার দিকে শামীমকে ধরে নিয়ে হালিম মোল্যার বাড়িতে একটি গাছের সঙ্গে লোহার শিকল দিয়ে কোমরে এবং গামছা দিয়ে হাত পিছমোড়া করে বেঁধে লাঠি দিয়ে বেদম মারপিট করে।
“এরপর ওই বাড়ির সামনে দিয়ে শামীমের বাবা খোকন মোল্যা ভেন চালিয়ে আসার সময় তাকেও ধরে নিয়ে একই শিকলে বেঁধে বেদম মারপিট করে প্রভাবশালী হালিম বেপারী, করম আলি বেপারী, সাহেব আলী বেপারী।”
সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত তাওদের উপর নির্যাতন চালানো হয় বলে ফাহিমার অভিযোগ।
পরদিন (১০ মে) সকালে তারা বেশি অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাদের শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করে।
খোকন মোল্যা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার শিশু শামীমকে চুরির মিথ্যা অপবাদ দিয়ে ধরে নিয়ে লোহার শিকল দিয়ে ও গামছা দিয়ে বেঁধে বেদম মারপিট করেছে। আমি ওই বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় আমাকেও ধরে নিয়ে হালিম বেপারী ও তার সহযোগীরা শিকল দিয়ে বেঁধে মারপিট করেছে। আমি অসহায়। প্রভাবশালীদের ভয়ে মামলা করতে পারছি না।”
ঘটনার সততা স্বীকার করে শরীয়তপুর সদর উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের ১, ২ ও ৪ নম্বর ওর্য়াডের সদস্য যথাক্রমে মো. লালু মিয়া খা, রিপন শিকদার ও রুবেল মৃধা বলেন, প্রভাবশালীরা পুলিশের সহযোগিতায় ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। এ নিষ্ঠুর ও নির্মম নির্যাতনের বিচার চাই হওয়া দরকার।
সন্তোষপুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. জাহাঙ্গীর আরিফ বলেন, “আমি ঘটনা শোনার পর শিশু ও তার বাবাকে উদ্ধার করে পালং মডেল থানায় মামলা করার পরামর্শ দিয়েছি। সঙ্গে সঙ্গে বিষয়টি পালং মডেল থানার ওসি মো. মনিরুজ্জামানকে অবহিত করেছি।”
এ ব্যাপারে পালং মডেল থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, “বিষয়টি আমি সাংবাদিকদের কাছে আজই জানলাম। এর আগে এ ঘটনা কেউ আমাকে জানায়নি। যদি পুলিশ পরিদর্শক আমাকে বলে থাকে তা আমার খেয়াল নেই।”
শরীয়তপুরের পুলিশ সুপার মো. আবদুল মোমেন বলেন, “এ বিষয়টি আমি আপনাদের কাছেই শুনলাম। বিষয়টি আমি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেব।”
