২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘গ্রেপ্তার এড়াতে’ সিসি ক্যামেরা, তবু ধরা

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় এক মাদক বিক্রেতাকে দুই বছরের সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত; যিনি ‘আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি বোঝার জন্য’ তার আস্তানায় সিসি ক্যামেরা লাগিয়েছিলেন।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2018, 05:44 PM

Updated : 19 Aug 2022, 02:02 PM

দণ্ডপ্রাপ্ত রুস্তম আলী তার গণেশপুর গ্রামের বাড়িতে এই আস্তানা গড়ে তুলেছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইএনও) কাইজার মোহাম্মদ ফারাবি বলেন, “রুস্তম আলী একজন কুখ্যাত মাদক বিক্রেতা। বাড়িতে মাদক সেবনের আস্তানা ও মিনি পতিতালয় গড়ে তুলেছিলেন।

“রুস্তম স্বীকার করেছেন, বাড়ির চারদিকে সিসি ক্যামেরা লাগিয়েছিলেন আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে যাতে পালাতে পারেন। তার বাড়ির ভেতরেও সিসি ক্যামেরা আছে।”

র‌্যাব ৯-এর একটি দল শুক্রবার রাত সাড়ে ১১টায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

ইএনও ফারাবি বলেন, “পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে মাদক কেনাবেচাসহ অবৈধ কর্মকাণ্ডের জন্য দুই বছরের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়।”

রুস্তম এর আগেও মাদকসহ গ্রেপ্তার হয়েছিলেন বলে তিনি জানান।