২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে ‘অপহরণের পর স্কুলছাত্রী ধর্ষণ’ যুবক গ্রেপ্তার

ফেনীর সোনাগাজীতে এক স্কুলছাত্রীকে অপহরণ করে আটকে রেখে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।   

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2018, 10:11 AM

Updated : 19 Aug 2022, 01:58 PM

গ্রেপ্তার লোকমান হোসেন (৩২) সোনাগাজী সদর ইউনিয়নের ছাড়াইতকান্দি গ্রামের আহছান উল্ল্যার ছেলে।

ফেনীর মহিপাল বাসস্ট্যান্ড এলাকা থেকে শনিবার রাতে লোকমানকে আটক করা হয় বলে সোনাগাজী থানার পরিদর্শক (তদন্ত) মো. হারুনুর রশিদ জানান।

এ সময় সেখান থেকে মেয়েটিকেও উদ্ধার করা হয়। সে স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী।

পরিদর্শক হারুনুর রশিদ বলেন, গত মঙ্গলবার সকালে বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে মেয়েটিকে লোকমান ও তার অনুসারীরা অপহরণ করে। পরে মেয়েটির বাড়ির লোকজন থানায় লিখিত অভিযোগ করলে তাকে উদ্ধারে বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ।

“পরে গোপনে খবর পেয়ে মহিপাল বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে লোকমানকে গ্রেপ্তার ও মেয়েটিকে উদ্ধার করা হয়।”

প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে পরিদর্শক হারুন বলেন, “অপহরণের পর কুমিল্লার একটি ঘরে আটকে রেখে মেয়েটিকে একাধিকবার ধর্ষণ করেন লোকমান।”

স্বাস্থ্য পরীক্ষার জন্য মেয়েটিকে ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।