গাজীপুরে ছেলের বিরুদ্ধে বাবাকে আছড়ে হত্যার অভিযোগ
গাজীপুরের সত্তর বছর বয়সী এক ব্যক্তিকে আছড়ে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলে বিরুদ্ধে।
জয়দেবপুর থানার ভাওয়াল গাজীপুর এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনায় ঘটে বলে জয়দেবপুর থানার এসআই মো.বাছেদ মিয়া জানান।
নিহত গিয়াস উদ্দিনের বাড়ি ওই এলাকায়।
ঘটনার পর থেকে তার ছেলে ২৮ বছর বয়সী ছমির উদ্দিন পলাতক রয়েছেন। তিনি স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করেন বলে পুলিশ জানায়।
এসআই বাছেদ সাংবাদিকদের বলেন, “ছমিরের ঘরের জানালা বরাবর তার বড় ভাইয়ের নির্মাণাধীন ঘরের জানালা তৈরি নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় বাবার সঙ্গে ছমিরের ঝগড়া হয়। এক পর্যায়ে ছমির তার বাবাকে তুলে মেঝেতে আছাড় দেন। এতে ঘটনাস্থলেই গিয়াস উদ্দিন মারা যান।”
খবর পেয়ে রাত ১০টার দিকে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় বলে এ পুলিশ কর্মকর্তা জানান।
