২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় ‘পায়ুপথে বাতাস’, শ্রমিক অসুস্থ

কুষ্টিয়ায় বিসিক শিল্পনগরী এলাকায় কিয়াম মেটাল নামে একটি কারখানায় পায়ুপথে বাতাস দেওয়ায় এক শ্রমিক অসুস্থ হয়েছে।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2018, 06:25 PM

Updated : 19 Aug 2022, 01:57 PM

আহত সুজন মিয়া (৩৩) সদর উপজেলার চাপইগাছী গ্রামের সরোয়ার হোসেনের ছেলে। তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালের চিকিৎসক রাজিবুল হাসান জানান, সুজনের শরীরে বাতাসের অস্তিত্ব পাওয়া গেছে। তার অবস্থা এখনও পুরোপুরি আশঙ্কামুক্ত না। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বুধবার রাত ১১টার দিকে কারখানার মেঝে পরিষ্কার করার সময় সহকর্মী রেজাউল তার পায়ুপথে বাতাস দেন বলে তার অভিযোগ।

হাসপাতালে চিকিৎসাধীন সুজন সাংবাদিকদের বলেন, “রাতে একসাথে কাজ করছিলাম। হঠাৎ রেজাউল কেন এমন কাজ করল তা বুঝতে পারিনি। সেকেন্ডের মধ্যে পেট ফুলে অচেন হয়ে পড়ি।”

তাৎক্ষণিকভাবে তাকে অন্য সহকর্মীরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান বলে জানান সুজনের শ্যালক মিল্টন হোসেন।

মিল্টন বলেন, “ঘটনা যেভাবেই ঘটুক, এর সুষ্ঠু বিচার হওয়া উচিত।”

পরিবারের চিকিৎসা খরচ বহনের সামর্থ্য নেই জানিয়ে সুজনের স্ত্রী বলেন, “এখন এ অবস্থায় সুজনের চিকিৎসার ব্যবস্থাসহ কাজের নিশ্চয়তা পেলে পরিবার-পরিজন নিয়ে বাঁচতে পারি।”

এ ঘটনায় থানায় এখনও অভিযোগ দেওয়া হয়নি বলে তিনি জানিয়েছেন।