গাজীপুরে ২ মেয়র প্রার্থীর কাছে মার্কিন প্রতিনিধি দল
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে প্রধান দুই মেয়র প্রার্থীর সঙ্গে মার্কিন প্রতিনিধি দল সাক্ষাৎ করেছে।
বৃহস্পতিবার সকালে সিটি করপোরেশনের ছয়দানা এলাকায় আওয়ামী লীগের প্রার্থী জাহাঙ্গীর আলমের বাসভবনে আর টঙ্গীতে বিএনপির প্রার্থী হাসান উদ্দিন সরকারের নির্বাচনী অফিসে তারা সাক্ষাৎ করেন।
প্রতিনিধি দলের প্রধান ছিলেন ঢাকায় মার্কিন দূতাবাসের রাজনৈতিক ও অর্থনৈতিক কাউন্সেলর বিল মুলার।
সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের বলেন, “মার্কিন যুক্তরাষ্ট্র কোনো বিশেষ প্রার্থী নির্বাচনের ওপর প্রভাব বিস্তার করতে চায় না। রাজধানীর পাশে গাজীপুর একটি জনগুরুত্বপূর্ণ এলাকা। তাই এ নির্বাচনও সমান গুরুত্বপূর্ণ। একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে মার্কিন সরকারের সার্বিক সহযোগিতা থাকবে।”
প্রতিনিধি দল নির্বাচনী পরিবেশ নিয়ে আলাপ করেছে। নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হবে কিনা, আইনশৃঙ্খলা পরিবেশ শান্তিপূর্ণ আছে কিনা—এসব বিভিন্ন বিষয়ে কথা বলেন তারা।
এছাড়া প্রার্থীদের পরিকল্পনার কথাও তারা জানতে চান।
“গণতান্ত্রিক উপায়ে গণতন্ত্রের চর্চা হয় এমন পরিবেশ বজায় রেখে অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন আনুষ্ঠানের আহ্বান জানাই।”
প্রতিনিধি দলের কাছে দুই মেয়র প্রার্থী তাদের অবস্থান তুলে ধরেছেন।
জাহাঙ্গীর আলম বলেন, “এখনও সিটিতে সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বিরাজ করছে।”
তিনি নির্বাচিত হলে বিশুদ্ধ পানি, উন্নত পয়োনিষ্কাশন ব্যবস্থা, রাস্তা নির্মাণসহ বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নে কাজ করবেন বলে জানান।
হাসান উদ্দিন সরকার সাংবাদিকদের বলেন, তিনি নিরপেক্ষতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন।
মার্কিন প্রতিনিধি দলে মুলারের সঙ্গে তার সহকর্মী কাউন্সেলর রুম্মান দস্তগীর ও দোভাষী মো. জাকির হোসেন ছিলেন।
আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় সদস্য সফিকুল ইসলাম বাবুল, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকসহ দলীয় নেতারা ছিলেন।
