গাজীপুর নির্বাচনে সেনা মোতায়েনের দাবি হাসানের
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে সেনা মোতায়েনের দাবি জানিয়েছেন বিএনপির মেয়র পদপ্রার্থী হাসান উদ্দিন সরকার।
টঙ্গী আরিচপুরে নিজ বাসভবন চত্বরে সোমবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি ওই দাবি জানান।
হাসান সরকার নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সন্ত্রাস দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও তালিকাভুক্ত চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তারসহ সব রকম পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।
এছাড়া নির্বাচনী প্রচারে সভা, সমাবেশ ও উঠান বৈঠকে সরকারি দলসহ সকল দলের মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করারও অনুরোধ করেন তিনি।
এ সময় গাজীপুর জেলা বিএনপির সভাপতি একেএম ফজলুল হক মিলন, সাধারণ সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল, কেন্দ্রীয় বিএনপির সদস্য মাজহারুল আলম প্রমুখ উস্থিত ছিলেন।
