বন্দিদের জন্য বালিশ আসছে: কারা মহাপরিদর্শক
কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীন বলেছেন, আগামী অর্থবছর থেকে সব সাধারণ বন্দিকে বালিশ দেওয়া হবে।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের প্যারেড গ্রাউন্ডে বৃহস্পতিবার ৫১তম ব্যাচের কারারক্ষী প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন।
ইফতেখার উদ্দীন বলেন, “সাধারণ কারাবন্দিদের বর্তমানে তিনটি করে কম্বল দেওয়া হলেও কোনো বালিশ দেওয়া হয় না।
“একটি কম্বল কমিয়ে তার পরিবর্তে তাদের একটা করে বালিশ দেওয়া হবে। টেন্ডারের কাজ চলছে। আশা করছি, আগামী অর্থবছরেই এটা দিতে পারব।”
বর্তমান শুধু ভিআইপি ও অসুস্থ বন্দিদের বালিশ দেওয়া হয়।
অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মো. ইকবাল হাসান, কারা উপ-মহাপরিদর্শক মো. বজলুর রশীদ, গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সঞ্জীব কুমার দেবনাথ, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ১-এর জ্যেষ্ঠ জেল সুপার সুব্রত কুমার বালা, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ২-এর জেল সুপার প্রশান্ত কুমার বণিক অনুষ্ঠানে ছিলেন।
