সিরাজগঞ্জে পাওয়ার গ্রিডে অগ্নিকাণ্ড
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় পাওয়ার গ্রিড কোম্পানির সঞ্চালন ইউনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বুধবার সন্ধ্যায় বাঘাবাড়িতে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি)-এর স্টেশনে এ ঘটনা ঘটে।
এতে চারটি ট্রান্সফরমারের মধ্যে একটি পুড়ে গেছে বলে ইউনিটের ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী গৌর গোপাল সরকার জানিয়েছেন।
তিনি বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সঞ্চালন ইউনিটে আগুন ধরে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টার পর রাত ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণ করে। বর্তমানে সঞ্চালন লাইন বন্ধ রয়েছে।
শাহজাদপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মঞ্জুরুল আলম বলেন, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে একটি ট্রান্সফরমার সম্পূর্ন পুড়ে গেছে।
“এটির ভিতরে ১২০ ব্যারেল জ্বালানি থাকায় আগুন নিয়ন্ত্রণ করতে বেগ পেতে হয়।”
শাহজাদপুর, উল্লাপাড়া ও পাবনার বেড়া উপজেলার ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে তিনি জানান।
